মহার্ঘভাতা ঘোষণা হয়নি : হতাশ সংবাদকর্মীরা
দেশের একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে কর্মরত এক সংবাদকর্মী আজ (রোববার) সকাল থেকেই একটি সুখবরের ঘোষণা শুণতে প্রহর গুণছিলেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকালে ওয়েজবোর্ড কমিটির দ্বিতীয় বৈঠক বসার কথা। এ কারণেই তার অধীর আগ্রহ।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে মাসিক বাজার ও দুই ছেলেমেয়ের পড়ালেখার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। পরিচিত এক সাংবাদিক নেতার কাছে ওই সংবাদকর্মী আজকে বৈঠকে ঘোষণা হয়েছে কি-না জানতে চাইছিলেন। দুপুর নাগাদ তিনি জানতে পারেন দ্বিতীয় বৈঠকেও গণমাধ্যমকর্মীদের ন্যায্যপাওনা পাওয়ার অধিকার নবম ওয়েজবোর্ডের মহার্ঘভাতা ঘোষণা করা হয়নি। শুনে ভীষণ মন খারাপ হয় তার।
এ বিষয়ে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান, মালিকদের পক্ষে পক্ষপাতিত্ব করে ওয়েজবোর্ড চেয়ারম্যান মহার্ঘভাতা ঘোষণা করেননি। বৈঠক শুরু হওয়ার পর মহার্ঘভাতা ঘোষণার দাবি জানানো হয়। কিন্তু মালিকপক্ষ রাজি হয়নি।
ওমর ফারুক জানান, ওয়েজবোর্ড চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম মালিকপক্ষ প্রতিনিধিদের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ‘পক্ষপাতিত্ব’ করে ওয়েজবোর্ডের মহার্ঘভাতা ঘোষণা দেয়া থেকে বিরত থাকেন।
এ সময় তিনিসহ উপস্থিত সাংবাদিক নেতারা প্রতিবাদ জানান। পরে বিচারপতির কক্ষের সামনে এক ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানান ওমর ফারুক।
বৈঠকে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক ছাড়াও সংবাদপত্র কর্মচারী ফেডারেশন সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম, প্রেস শ্রমিক ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন ও মহাসচিব কামালউদ্দিন এবং মালিকদের পক্ষে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল প্রকাশক এ কে আজাদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ওমর ফারুক বলেন, বিচারপতি নিজামুল হক আমাদের সত্যি কথা না শুনে মালিকদের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে মহার্ঘভাতা ঘোষণা করেননি। আমরা জানিয়েছি যে অষ্টম ওয়েজবোর্ড ২০১২ সালের ১৮ জুন ঘোষণা করা হয়। প্রকাশিত গেজেটও তার সামনে উপস্থাপন করি। কিন্ত মতিউর রহমান তাকে জানান, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে বলে তিনি ওই মিথ্যা তথ্যই বিশ্বাস করে সিদ্ধান্ত দেন।
এমইউ/বিএ/জেআইএম