জ্বালানি সংকট

গ্যাস নেই, তেলের লাইনে ঘণ্টার পর ঘণ্টা, বাড়ছে লোডশেডিং

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার পর তেল নিচ্ছেন চালকরা/ছবি-সংগৃহীত

‘ভোর থেকে এখন পর্যন্ত পাঁচবার লোডশেডিং হয়েছে। ছেলেটা খেয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাবে, কিন্তু লাইনে গ্যাস না থাকায় রান্না করতে পারছি না। ড্রাইভারকে সকাল ১০টায় গাড়িতে অকটেন নিতে নীলক্ষেত পেট্রোল পাম্পে পাঠিয়েছি। সে জানিয়েছে অকটেনের লাইন আজিমপুর বাসস্ট্যান্ড থেকে পলাশী মোড় ঘুরে পাম্প পর্যন্ত। তেল নিয়ে ফিরতে আরও দু-তিন ঘণ্টা লাগবে।’

রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার মোড়ের বাসিন্দা গৃহবধূ ফয়জুন্নেসা সোমবার (১২ এপ্রিল) দুপুরে বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আর কতদিন চলবে। যুদ্ধ দীর্ঘায়িত হলে লোডশেডিং, জ্বালানি তেল ও গ্যাস সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করেন তিনি। ফয়জুন্নেসার মতো এমন উদ্বেগ এখন অনেক নগরবাসীর মধ্যেই ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন
জ্বালানি তেল সংকটে সেচ বন্ধের শঙ্কা 
জ্বালানি তেলের সংকট, যেসব গাড়ি কমাতে পারে খরচ

সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট এখনো গুরুতর পর্যায়ে পৌঁছায়নি বলে দাবি করা হলেও বাস্তবে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে মনে করেন ভুক্তভোগীরা। আগে গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি দেখা গেলেও গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দিন-রাত মিলিয়ে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে।

আগে জেনারেটরের মাধ্যমে সাময়িক বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকলেও বর্তমানে ডিজেলের সংকটে অনেক আবাসিক ভবনেই বিকল্প ব্যবস্থাও কার্যকর থাকছে না। ফলে বিদ্যুৎ চলে গেলে পুরো ভবন অন্ধকারে ডুবে থাকছে।

রাজধানীর কলাবাগানের বাসিন্দা বশির আহমেদ বলেন, আগে পাম্পে গেলেই ডিজেল পাওয়া যেত। এখন টাকা থাকলেও মিলছে না। গণপরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

আরও পড়ুন
জ্বালানি সংকটে মিলছে না ট্রাক, জমছে পণ্যের স্তূপ
তেল সংকট ও রপ্তানি কমার অজুহাতে বেড়েছে পিকআপ-কাভার্ড ভ্যানের ভাড়া 

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব ফিলিং স্টেশনেই অকটেন, পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন। কোথাও কোথাও রাস্তার পাশে সারিবদ্ধভাবে বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে, ফলে সড়ক সংকুচিত হয়ে তৈরি হচ্ছে তীব্র যানজট।

আশকোনা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, জ্বালানি সংকটের কারণে তিনি এখন গাড়ি বের করা বন্ধ রেখেছেন। গাড়িতে যতটুকু তেল ছিল, তা মোটরসাইকেলে ভরে ছেলেকে স্কুলে নিয়ে গেছি, বলেন তিনি।

সরকারি বক্তব্যে সংকট ‘নিয়ন্ত্রণে’ বলা হলেও বাস্তবে সরবরাহ শৃঙ্খলে চাপ বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরবরাহে প্রভাব পড়ছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি খাতে আমদানিনির্ভরতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন
জ্বালানি সংকট দেশে দেশে, কী করবে বাংলাদেশ?
জ্বালানি তেলের সরবরাহজনিত কিছুটা সমস্যা আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব পড়ছে।

অর্থনীতিবিদদের মতে, এ সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হতে পারে, যার প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাতে।

রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ স্বাভাবিক নেই। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি গ্যাস বা বিদ্যুৎচালিত চুলার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, এতে বাড়ছে খরচ।

সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই সিলিন্ডার ২১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ভোক্তাদের।

আরও পড়ুন
জ্বালানি সংকটে আয়-রোজগারে টান, বিপাকে রাইড শেয়ারিং চালকরা
জ্বালানি তেলের সংকট: ছোট যাত্রায় কী ধরনের গাড়ি-বাইক ব্যবহার করবেন 

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হওয়ায় রেস্টুরেন্ট ব্যবসায়ও প্রভাব পড়েছে। মধ্য বাড্ডা এলাকার এক রেস্টুরেন্ট মালিক জানান, এলপিজির উচ্চমূল্যের কারণে তারা সন্ধ্যার পর নানরুটি, পরোটা ও অন্যান্য আইটেম তৈরি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিদ্যুৎ উৎপাদন আরও কমে যেতে পারে, শিল্প খাতে উৎপাদন ব্যাহত, দ্রব্যমূল্য আরও বৃদ্ধি সর্বোপরি নগরজীবনে অস্থিরতা বেড়ে যেতে পারে।

জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের এই ত্রিমুখী সংকটে রাজধানীর জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এর প্রভাব অর্থনীতি ও দৈনন্দিন জীবনে আরও গভীরভাবে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এমআরএম/এমএফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।