নদীর ন্যায্য হিস্যা প্রদান করুন : সর্বদলীয় মঞ্চ
যৌথ নদীর পানির হিস্যা, নাব্য রক্ষা, দূষণ ও দখল বন্ধের দাবি জানিয়েছে সর্বদলীয় মঞ্চ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচিতে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
গণঅবস্থানে সর্বদলীয় মঞ্চের নেতা ও ভাসানী ন্যাপের চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী বলেন, ভারতের সঙ্গে ৫৪টি যৌথ নদী রয়েছে। সে সব নদীর ন্যায্য হিস্যা আমরা পাচ্ছি না। আমি ভারতের কাছে দাবি জানাচ্ছি, নদীগুলোর ন্যায্য হিস্যা প্রদান করুন।
তিনি বলেন, নদী ছাড়া দেশের কোনো প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখা সম্ভব না। তাই কৃষি ও মৎস্য সম্পদসহ অন্যান্য সম্পদ বাঁচাতে নদী দখল ও দূষণমুক্ত রাখতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণঅধিকার পার্টির সভাপতি হোসেন মোল্লা, গণসংগ্রাম পার্টির আহ্বায়ক মো. মাসুম, চেতনায় ’৫২ সভাপতি সাহীকুল ইসলাম টিটু, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাসদ নেতা হুমায়ুন কবির, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন আর রশিদ প্রমুখ।
এএইচ/পিআর