কৃষ্ণা হত্যা মামলার তদন্ত করছে ডিবি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার তদন্ত শনিবার থেকে শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগেই অনানুষ্ঠানিকভাবে মামলাটির তদন্ত শুরু করেছিলেন ডিবির কর্মকর্তারা। এরই অংশ হিসেবে রাজধানীর মহাখালীতে ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে সিতাংশু শেখর বিশ্বাসের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন ডিবি পশ্চিমের কয়েকজন কর্মকর্তা। শনিবারও তাদের কথা হয়েছে।
ডিবির তদন্ত সংশ্লিষ্টদের আশা, খুব শিগগিরই মামলার আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে গত সোমবার রাতে বিআরটিএ উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসকে জুস খাওয়ানোর পর তাকে, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করা হয়।
একপর্যায়ে তার স্ত্রীর পরনের শাড়িতে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার হলে তিনি মারা যান।
বিপ্লব কুমার সরকার জানান, সিতাংশুর বাসা থেকে জব্দ করা বিভিন্ন আলামতের তালিকা করা হয়েছে। আলামতগুলো অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ জন্য আদালতের নির্দেশে অপেক্ষা করা হচ্ছে।
জেইউ/এএইচ/পিআর