রোববার থেকে শুরু হচ্ছে মধুমেলা
রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে রোববার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘মধুমেলা-২০১৫’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পে’র উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় বিসিক ভবনের সম্মেলন কক্ষে এ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। শনিবার বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলের মৌচাষীদের উৎসাহ দেয়ার জন্য উৎপাদিত নানা ধরনের মধুর পরিচিতি ও বাজার সৃষ্টি, মধু ব্যবহারে মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং ক্রেতা সাধারণের সাথে উৎপাদকদের সরাসরি যোগাযোগ সৃষ্টি করায় এ মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
মধুমেলায় অংশ গ্রহণকারী মৌচাষীগণের স্টলে-স্টলে তাদের উৎপাদিত মধু বিক্রি ও প্রদর্শনের লক্ষ্যে স্থান পাবে। বিভিন্ন মৌসুমে সংগৃহীত ফুলের মধুও এসব স্টলে রাখা হবে। এছাড়া মেলায় আগত দর্শকরা দেশব্যাপী বাস্তবায়িত বিসিকের আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত হতে পারবেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের পরিচালক নুরুল ইসলাম (উন্নয়ন ও সম্প্রসারণ) এবং পরিচালক রমা রানী রায় (পরিকল্পনা ও উন্নয়ন) বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এতে সভাপতিত্ব করবেন বিসিকের পরিচালক (প্রকল্প) পতিত পাবন বৈদ্য। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন মৌচাষ প্রকল্পের প্রকল্প পরিচালক খোন্দকার আমিনুজ্জামান।
আগামী ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে।
আরএস/আরআই