চকবাজারে নকল কসমেটিক কারখানায় র্যাবের অভিযান
রাজধানীর চকবাজারের ছোট কাটরা এলাকার একটি বাসায় নকল কসমেটিক তৈরির কারখানা সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব)। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ছোট কাটরার ১/২ এর একটি বাসায় অবস্থিত এ কারখানা থেকে বিপুল নকল কসমেটিক পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
মেজর মহিউদ্দিনের নেতৃত্বে র্যাব-৩ ব্যাটালিয়ন সদস্যরা সকাল সোয়া ১১টা থেকে অভিযান শুরু করে। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সেখানে উপস্থিত হয়ে আদালত পরিচালনা করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম। তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেখানে র্যাব-৩ সদস্যরা অভিযান শুরু করে। সেখানে ইতোমধ্যে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত হয়েছেন।
তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি-না তা নিশ্চিত করতে পারেননি তিনি। সর্বশেষ খবর অনুযায়ী অভিযান চলছে।
জেইউ/বিএ/আরআইপি