চ্যাম্পিয়ন্স লিগ

আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া ‘কিছুটা অদ্ভুত’: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। বিষয়টিকে ‘কিছুটা অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন সিটির কোচ পেপ গার্দিওলা।

শুক্রবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। যেখানে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হবে ম্যানসিটি। ২০১৬ সালে সিটিজেনদের দায়িত্ব নেওয়ার পর গার্দিওলার অধীনে দুই ক্লাবের এটি হবে ১৩তম মুখোমুখি লড়াই। শুধু তাই নয়, চলতি মৌসুমের লিগ পর্বেও দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে মাত্র দুই মাস আগে।

পুরোনো গ্রুপ-পর্বের নিয়মে সাধারণত কোয়ার্টার ফাইনালের আগে এমন পুনরাবৃত্তি হতো না; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে নতুন ফরম্যাটে লিগ পর্বে মুখোমুখি হওয়ার পরই আবার শেষ ষোলোতে একই প্রতিপক্ষ- যা গার্দিওলার কাছে ভিন্ন অভিজ্ঞতা।

গ্রুপ পর্বে নিউক্যাসল ইউনাইটেড বনাম এফসি বার্সেলোনা এবং গ্যালাতাসারে বনাম লিভারপুলের ম্যাচ দুটিও হচ্ছে লিগ পর্বের পুনরাবৃত্তি। অন্যদিকে প্লে-অফ রাউন্ডে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বেনফিকা মুখোমুখি হয়েছিল, যারা প্রথম পর্বের শেষ ম্যাচেও একে অপরের বিপক্ষে খেলেছিল।

এসব কিছুই নতুন অভিজ্ঞতা। এ কারণে পেপ গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, কিছুটা তো অদ্ভুতই। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরই আবার ড্রয়ে একই প্রতিপক্ষ পাওয়া- এটা খুব বেশি দেখা যায় না। ফরম্যাটটা আলাদা দেখাচ্ছে। কেউ একমত হবে, কেউ নাও হতে পারে, কিন্তু এটা ভিন্ন।’

তবে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না তিনি। উদাহরণ টেনে বলেন, ‘প্রিমিয়ার লিগ আর কাপ প্রতিযোগিতায় আমরা কতবার নিউক্যাসলের বিপক্ষে খেলেছি এই মৌসুমে? ভবিষ্যতে আবারও খেলতে পারি। তাহলে সমস্যা কোথায়?’

গার্দিওলা মনে করিয়ে দেন, চ্যাম্পিয়ন্স লিগের কাঠামো সময়ের সঙ্গে বদলেছে, ‘আমি যখন শুরু করি, তখন আট-নয় বা দশটি দল নিয়ে টুর্নামেন্ট হতো। এখন সংখ্যা বেড়েছে। এটা মানিয়ে নেওয়ার ব্যাপার। মাদ্রিদের সঙ্গে ড্র হয়েছে- এটাই বাস্তবতা। আমরা আর কী করতে পারি?’

ড্র অনুযায়ী, রিয়ালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সিটির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ বা আটালান্টা। সেমিফাইনালে গেলে দেখা হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে।

অনেকে বলছেন, সিটি ড্রয়ের কঠিন অংশে পড়েছে। তবে গার্দিওলা এ ধারণা মানতে রাজি নন। তিনি বলেন, ‘এভাবে বলাটা নিউক্যাসল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ বা টটেনহামের মতো দলগুলোর প্রতি অসম্মানজনক হবে। চ্যাম্পিয়ন্স লিগ খুব কঠিন প্রতিযোগিতা। রিয়াল কঠিন দল- এটা সবাই জানে। কিন্তু বাকি দলগুলোরও নিজস্ব শক্তি আছে। আপনি যেকোনো দলের নাম বলুন, প্রত্যেকেরই নিজস্ব কৌশল আছে।’

গার্দিওলার মতে, চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেতে হলে বড় দলগুলোকেই হারাতে হবে। ‘এই প্রতিযোগিতায় এগোতে চাইলে আপনাকে সেরাদের বিপক্ষে জিততে হবে। না হলে আপনি যোগ্য নন’- বলেন তিনি।

সব মিলিয়ে, নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে আবারও ইউরোপের দুই পরাশক্তির দ্বৈরথ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি- সাম্প্রতিক বছরগুলোর অন্যতম আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা- আরও একবার জমতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে মর্যাদার মঞ্চে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।