পাকিস্তানে যাচ্ছে না আইসিসির কোনো কর্মকর্তা
অনেক নাটকের পর অবশেষে ২২ মে থেকে শুরু হচ্ছে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ। তবে রোববার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, এই সিরিজে তারা কোনো কর্মকর্তা (আম্পায়ার ও রেফারি) পাঠাবে না। নিরাপত্তা কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিষয়টি তারা পাকিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে।
তবে আইসিসি কোনো অফিসিয়াল না পাঠালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটি আয়োজন করতে মরিয়া। কারণ, এটা যদি তারা শান্তিপূর্ণভাবে আয়োজন করতে পারে তাহলে ক্রিকেট খেলুড়ে অন্যান্য দেশগুলোকে তাদের দেশে আমন্ত্রণ জানাতে পারবে।
২০০৯ সালের পর প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশ হিসেবে জিম্বাবুয়েই নিষিদ্ধ পাকিস্তান সফরে যাচ্ছে। এর আগে অবশ্য কেনিয়া ও আফগানিস্তান সফর করেছিল। সেটা সফলভাবে আয়োজনও করেছিল পাকিস্তান। এখন দেখার বিষয়, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি তারা ঠিকভাবে আয়োজন করতে পারে কিনা।
এমআর/আরআইপি