রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন ওডেগার্ড
নরওয়ের জাতীয় দল ও প্রিমিয়ার লিগের পর এবার রিয়ালের হয়ে লা লিগায় নতুন ইতিহাস গড়লেন রিয়ালের বিস্ময়বালক মার্টিন ওডেগার্ড। গেতাফের বিপক্ষে ৫৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলে মাঠে নেমে রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটা নিজের দখলে নিলেন ১৬ বছর পাঁচ মাস ছয়দিন বয়সী ওডেগার্ড।
একসময় বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড ছিল লিওনেল মেসির অধিকারে। আর্জেন্টাইন তারকার অভিষেক হয়েছিল ১৭ বছর ১০ মাস বয়সে। পরে এই রেকর্ড ভেঙে দেন বোয়ান কিরকিচ। তিনি বার্সার জার্সি গায়ে লা লিগায় প্রথম মাঠে নামেন ১৭ বছর ১৯ দিন বয়সে।
তবে লা লিগায় সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড দীর্ঘদিন ধরে অক্ষত আছে। ১৯৩৯ সালে সেল্টা ভিগোর হয়ে ১৫ বছর ২৫৫ দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটা গড়েছিলেন স্যানসন নামে পরিচিত ফ্রান্সিসকো বাওস রদ্রিগেজ।
এমআর/আরআই