খেলাধুলায় মেয়েরাও এগিয়ে যাচ্ছে
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাচ্ছে। কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে বিভিন্ন খেলায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য।
রোববার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘তৃণমূল পর্যায়ে প্রতিভাবান মহিলা ব্যাডমিন্টন ‘উন্মুক্ত একক ও দ্বৈত মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহানাজ ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফারজানা আহমদ মিসবাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন ও কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।
ছামির মাহমুদ/এআরএ/আরআই