ঢাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবেশ সংসদের উদ্যোগে শুরু হয়েছে তিন মাসব্যাপি সপ্তম `দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশগত নিরাপত্তা` শীর্ষক কর্মশালা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে শুরু হয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন কর্মশালা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি ঢাবি পরিবেশ সংসদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এ ধরনের কর্মশালা আয়োজন করে তাহলে দুর্যোগ মোকাবেলায় আমাদের সামর্থ্য অনেক বেশি বৃদ্ধি পাবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় কিংবা দেশের যেকোনো সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় এগিয়ে এসেছে এবং আগামীতেও আসবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই পরিবেশ সংগঠন পরিবেশ রক্ষায় এবং দুর্যোগ মোকাবেলায় সপ্তমবারের মতো এ কর্মশালা আয়োজন করে তরুণ প্রজন্মের কাছে, দেশের পরিবেশ আন্দোলনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
উপাচার্য আরো বলেন, বিশ্ব পরিবেশ আন্দোলনে আজ নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেখানে শতকোটি মানুষের স্বপ্নকে বিশ্বব্যাপি একই পরিবারের স্বপ্নরূপে বিবেচিত হচ্ছে। তাই সম্পদ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবেলা করে পরিবেশ রক্ষা করা আমাদের যৌথ দায়িত্ব। তরুণ সমাজ এ দায়িত্বকে তাদের মেধা, দক্ষতা দিয়ে পালন করলে এই কর্মশালা সার্থক হবে বলে উপাচার্য মত প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের শাহীন সভাপতি রেজা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. তৌহিদা রশিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
এমএইচ/বিএ