টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয় খুলছে ২৭ জুন
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ থাকার পর আবার খুলতে যাচ্ছে ২৭ জুন। উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১ ছাত্র নিহত হওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়। প্রায় এক মাসের অধিক সময় পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হলো।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় আগামী ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমুহ খুলে দেয়া ও ২৮ জুন থেকে যথারীতি সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রেস ও জনসংযোগ দফতরের সহকারী পরিচালক মো. সামছুল আলম।
এদিকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আনন্দ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ায় আমরা সেশন জটের আশঙ্কা থেকে মুক্তি পাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ মোশারফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবিও জানিয়েছনি শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৩ মে বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা এবং অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আবু সাদাত খালেদ মোশারফ নিহত হন। ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি সভায় হত্যাকেণ্ডে জড়িত থাকায় ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্লাস বন্ধ ঘোষনা করা হয়। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়।
১৬ মে শনিবার নিহতের বাবা মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এমজেড/এমএস