শাবিতে আবারো উপাচার্যের কার্যালয়ে তালা


প্রকাশিত: ০৯:০১ এএম, ২২ জুন ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়ার পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা লাগিয়ে দেয়া হয়েছে। সোমবার সকালে ২ মাসের ছুটি শেষে উপাচার্য কাজে যোগ দেয়ার ৫ মিনিটের মাথায় আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিয়েছেন।

এদিকে এপ্রিলে জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা আন্দোলনরত ৩৫ শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করে উপাচার্য নতুন করে নিয়োগ দেয়া শুরু করেছেন। প্রক্টর পদে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক কামরুল হাসানকে। ক্রমান্বয়ে সকল পদে নতুন করে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে বলে উপাচার্য দফতর থেকে জানানো হয়েছে।

উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়া শিক্ষকদের মধ্যে মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকও রয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের নেতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেড সদস্য ও সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন আহমদ উপাচার্য ভবনের তালা দেয়ার কথা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ক্যম্পাস সূত্রে জানা গেছে, উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক শিক্ষকদের একাংশের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’। তবে বিশ্ববিদ্যালয়ের বাম ও ডানপন্থী শিক্ষকরা উপাচার্যের পক্ষে রয়েছেন।

সরকার সমর্থক শিক্ষকদের আন্দোলনে গত ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে ২ মাসের ছুটিতে যান উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।

তার অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস অতিরিক্ত উপাচার্যের দায়িত্ব পান। সোমবার উপচার্যের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে সকালে উপাচার্য তার কার্যালয়ে আসেন। এর পরই আন্দোলনরত শিক্ষকরা উপাচার্য কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

ছামির মাহমুদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।