চবির আরবি বিভাগের নতুন সভাপতি মোহাম্মদ নেয়ামত উল্লাহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ। তিনি ২১ সেপ্টেম্বর থেকে আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সম্মেলন সভায় নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী।
এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-পরিচালক মো. রাশেদ-বিন-আমিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ১ম সংবিধির ৭নং ধারা মোতাবেক আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ২১ সেপ্টেম্বর ২০২২ আগামী তিন বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো।’
সম্মেলন সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. রফিক আহমদ, অধ্যাপক ড. এস এম রফিকুল আলম, অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক ড. নূরুল ইসলাম, অধ্যাপক ড. ফরিদুদ্দিন, অধ্যাপক ড. আ ম কাজী হারুন-উর-রশীদসহ বিভাগের সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগ থেকে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৩ সালে স্নাতকোত্তর পাস করেন। এরপর ২০০৪ সালের ১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে ‘বাংলাদেশের উচ্চ শিক্ষায় ইসলামি শিক্ষার কারিকুলাম’ থিসিসের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এএইচ/এমএস