খুলনা ওয়াসার পানি শোধনাগার স্থাপনে জমি হস্তান্তর
খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের আওতায় পানি শোধনাগার স্থাপনের লক্ষ্যে জমি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে রূপসা উপজেলার সামন্তসেনা পাথরঘাটা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনার মানুষের পানি সংকট ও সমস্যার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পে দুই হাজার পাঁচশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্পের আওতায় খুলনার বিভিন্ন স্থানে জলাধার খনন ও পানি শোধনাগার নির্মিত হবে। এটি বাস্তবায়িত হলে খুলনার বিপুল সংখ্যক মানুষের পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ, পিইঞ্জ. এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল, লকপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ৪ নম্বর টিএস বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান শাজাহান কবির প্যারিস এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু।
উল্লেখ্য, ৬৪ একর জমির উপর চার`শ ৮৫ কোটি টাকা ব্যয়ে খুলনা ওয়াসার পানি শোধনাগার স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের জন্য প্রায় আড়াই বছর সময় লাগবে। আর এটি বাস্তবায়িত হলে প্রতিদিন ১১ কোটি লিটার পানি শোধন করে সরবরাহ করা যাবে।
আলমগীর হান্নান/এসএস/আরআইপি