যৌন নিপীড়নকারীদের শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
সারাদেশে নারী ও শিশুদের যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে পরবর্তী সমাবেশ থেকে তারা এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেকসুনা খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, লাইফ সাইন্সের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, শহীদ জননী জাহানারা ইমাম হল প্রাধ্যক্ষ ড. মাহরুবা শারমীন চৌধুরী, গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আফরোজ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় ‘পুরুষ তুমি মানুষ হও, প্রশাসন বিচার করো, নইলে গদি ছাড়ো’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড, পোস্টার বহন করতে দেখা যায়।
অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বলেন, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন করতে হবে। ফলে এ ধরনের ঘটনা কমে আসবে। এক্ষেত্রে তিনি শাবিপ্রবির উদাহরণ তুলে ধরেন। নিপীড়নের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটা শিশুকে নিজের শিশু মনে করতে হবে। পহেলা বৈশাখের ঘটনার এখনো কোন প্রতিকার না হওয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সমাবেশে ড. মাহরুবা শারমীন চৌধুরী পুলিশের মহাপরিদর্শকের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা যেন বিচারের মাধ্যমে শেষ হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। এছাড়া সমাজে নৈতিক অবক্ষয়ের বিষয়ে হতাশা প্রকাশ করেন বক্তারা।
ছামির মাহমুদ/এসএস/আরআইপি