ময়মনসিংহে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন
শিক্ষকদের লাঞ্চিত করায় ময়মনসিংহ অঞ্চলের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ময়মনসিংহ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন প্রফেসর মো. আব্দুল মোতালেব, প্রফেসর ড. গাজী হাসান কামাল, মো. আমীর হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. ইদ্রিস আলী ও সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে ভান্ডারিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বরত সহকারী অধ্যাপককে ম্যাজিস্ট্রেট ও ইউএনও কর্তৃক মধ্যযুগীয় প্রভুসুলভ কায়দায় লাঞ্চিত ও অপমান এবং লক্ষীপুর সরকারি মহিলা কলেজে ডিগ্রি (পাস) পরীক্ষার আহ্বায়ককে ডিসি ও ইউএনও কর্তৃক কর্তৃত্ব বর্হিভূতভাবে গ্রেফতার ও জরিমানা করার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শিক্ষকদের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের লাঞ্চিত ও অপমানিত করার তীব্র নিন্দা ও শাস্তি দাবি করা হয়। ঘটনার সুষ্ঠ বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
আতাউল করিম খোকন/এসএস/এমএস