এসআই`র বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ
বরিশালের আগৈলঝাড়ায় ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আসামির বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মাকে লাঞ্ছিত করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা গ্রামের যুবদল নেতা ও বিএনপির অবরোধ চলাকালীন গাড়ি পোড়া মামলার আসামি সালমান হাসান রিপনের বাড়িতে।
সালমান হাসান রিপন ফোনে অভিযোগ করে বলেন, রোববার রাতে তাকে খুঁজতে বাড়িতে যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম। এসময় রিপনকে না পেয়ে তার বৃদ্ধ মা’কে নজরুল লাঞ্ছিত করলে সে মাটিকে পড়ে যায়। এসময় পরিবারের অন্য সদস্যরা মাকে না মারার জন্য তাকে অনুনয় বিনয় করেন। পরে তার ভাই জামালকে ধরে নিয়ে গাড়ি পোড়া মামলায় ক্রস ফায়ার দেয়ার হুমকি দেন নজরুল। ক্রস ফায়ার ঠেকাতে পরে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি। এক পর্যায়ে দারোগা নজরুলকে টাকা দিয়ে সন্তুষ্ট করা হয়।
রিপন অভিযোগে আরো বলেন, মামলার আসামী তিনি। তার পরিবারের অন্য সদস্যরা নয়। এসআই নজরুল গাড়ি পোড়া মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার দলের অনেক নেতা কর্মীদের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করছেন। রাজনৈতিক পরিবেশের কারণে তিনি বাড়ি নেই জেনেও পুলিশ প্রায়ই বাড়িতে গিয়ে তাকে ধরিয়ে দিতে চাপ প্রয়োগের পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। এক্ষেত্রে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য, গাড়ি পোড়া মামলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা টিপু ও জাসাস কর্মী কবীর নিহত হয়েছিলো।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার কাছে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা কেউ জানায় নি। রিপন গাড়ি পোড়ানো মামলার অন্যতম আসামি। এরকম কেউ অভিযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসএস/এমএস