খুলনায় পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে ঢাকার যাত্রীরা
শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ঢাকার সাথে খুলনাসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
খুলনা র্যয়েলের মোড়ে পরিবহন কাউন্টারের যাত্রী কবীর হোসেন জানান, তিনি জানেন না ঢাকাগামী পরিবহন বন্ধ রয়েছে। বিশেষ কাজে ঢাকা যাওয়ার কথা ছিলো। কিন্তু এখন যাওয়া হচ্ছে না। তিনি পরিবহন শ্রমিকদের জিম্মি দশা থেকে মুক্তি চান।
কবীর হোসেনরে মতো অনেক যাত্রী ধর্মঘটের কথা না জেনে নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, র্যয়েলের মোড় ও শিববাড়ির মোড়ের পরিবহন কাউন্টারে এসে বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হচ্ছেন।
বুধবার সকাল ৯টায় খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, মঙ্গলবার ভোরে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস যশোরের বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ফরিদপুরে পৌঁছালে ওই বাসের ২২ জন যাত্রীর মধ্যে সাতজন অস্ত্র ঠেকিয়ে ডাকাতি শুরু করে। পুলিশ এ ঘটনায় বাস চালক আয়নাল, হেলপার শাকিল ও রোড চেকার রবিউল ইসলামকে আটক করে।
আটকের ঘটনায় বাস চালকের প্রতি অবিচার করা হয়েছে দাবি করে পরিবহন মালিক সমিতির নেতারা তার মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছেন। তিনি আরো জানান, এ ধর্মঘটের ফলে খুলনা থেকে ঢাকাগামী কোন পরিবহন ছেড়ে যাচ্ছে না।
আলমগীর হান্নান/এসএস/পিআর