জিডিপির বাইরে থাকছে ১০ হাজার ৯০০ কোটি টাকা


প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৬ জুন ২০১৫

গৃহপালিত প্রাণী ও পরিবারভিত্তিক গাছপালা থেকে প্রতিবছর অর্জিত টাকা অর্থনীতিতে যোগ হলেও তা মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসেবের বাইরে ছিল। ফলে বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসেবের বাইরে থেকে যাচ্ছে ১০ হাজার ৯০৩ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৩-১৪ অর্থবছরে এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটরিয়ামে আয়োজিত জরিপের প্রতিবেদন প্রকাশ ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল অ্যাকাউন্টিং শাখা।

প্রতিবেদনে বলা হয়, মোট যে পরিমাণ অর্থের হিসাব জিডিপির বাইরে থাকছে তার মধ্যে পরিবারভিত্তিক পশুপালন থেকে ৯ হাজার ৫৯১ কোটি ৭০ লাখ টাকা, পরিবারভিত্তিক গাছপালা থেকে এক হাজার এক কোটি ৫০ লাখ টাকা, খামারভিত্তিক পশুপালন থেকে ২৯৮ কোটি ৮০ লাখ, চা বাগান থেকে ৯ কোটি ৮০ লাখ এবং রাবার বাগান থেকে এক কোটি ৯০ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, এম এ মান্নান হাওলাদার এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক বাইতুল আমিন ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ। সংক্ষিপ্ত ফলাফল উপস্থাপন করেন কর্মসূচি পরিচালক মোহাম্মদ আবদুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে কানিজ ফাতেমা বলেন, পরিসংখ্যান ব্যুরো ছয় দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধির হিসাব বের করেছে বলেই সরকার সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখছে। এটি আমাদের বড় অর্জন।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।