চুলের যত্নে কোন চিরুনি ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এআই

নামি-দামি শ্যাম্পু, সিরাম, নিয়মিত কন্ডিশনার ব্যবহার করছেন। তবু চুল ভেঙে যাচ্ছে, খুশকি হচ্ছে বা স্ক্যাল্প সেনসিটিভ হয়ে যাচ্ছে? সমস্যার মূল কারণ অনেক সময় চিরুনি। চিরুনি চুলকে শুষ্ক করে, মাঝখান থেকে ভেঙে যেতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে সংবেদনশীল করে তোলে। তাই বহু মানুষ এখন কাঠের চিরুনি ব্যবহার করছেন। তবে প্রশ্ন হলো-কোন কাঠের চিরুনি চুলের জন্য সবচেয়ে উপকারী?

একসময় আমাদের দেশে নিমকাঠের চিরুনি ব্যবহার করা হতো। এটি শুধু চুল আঁচড়ানোর যন্ত্র নয়, চুলের স্বাস্থ্যও উন্নত করে। এই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে কী কী উপকার মেলে, জেনে নিন-

স্ক্যাল্পের যত্ন নেয়
নিমকাঠের চিরুনি কেবল খুশকি দূর করার জন্য নয়, এটি স্ক্যাল্পের স্বাস্থ্যও রক্ষা করে। চিরুনি স্ক্যাল্পে প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এর ফলে চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়, যা চুলকে মজবুত ও স্বাস্থ্যসম্মত রাখে।
নিমকাঠের চিরুনি দিয়ে হালকা করে চুল আঁচড়ালে স্ক্যাল্প সংক্রমণের ঝুঁকিও অনেকাংশে কমে। নিয়মিত ব্যবহারে উকুনও স্ক্যাল্পে বাসা বাঁধতে পারে না। স্ক্যাল্প হবে পরিষ্কার, স্বাস্থ্যসম্মত এবং চুলের বৃদ্ধিও ভালো হয়।

নতুন চুল গজাতে সাহায্য করে
নিমকাঠের চিরুনি শুধু চুলের ক্ষতি কমায় না, নতুন চুল গজাতেও সাহায্য করে। চুল আঁচড়ানোর সময় স্ক্যাল্পে নিম তেলের উপাদান পৌঁছে যায়, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায়। এর ফলে স্ক্যাল্পে নতুন চুল জন্মানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

এছাড়া নিমকাঠের চিরুনি স্ক্যাল্পে জমে থাকা ময়লা ও মৃত কোষও পরিষ্কার করে। পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত স্ক্যাল্প চুলের বৃদ্ধিকে আরও কার্যকর করে। নিয়মিত ব্যবহারে ঘন ও লম্বা চুল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

চুল পড়া বন্ধ করে
চুলের জট ছাড়ানোর সময় অনেকেই চুল ছিঁড়ে ফেলে। প্লাস্টিকের চিরুনি ব্যবহার করলে এই সমস্যা আরও বেশি হয়। তবে নিমকাঠের চিরুনি ব্যবহার করলে এমন সমস্যার মুখে পড়তে হয় না। নিমকাঠের চিরুনি চুলের গোড়ায় কোমলভাবে কাজ করে, তাই চুল ছিঁড়ে যাওয়ার ঝুঁকি অনেক কমে। নিয়মিত ব্যবহার করলে চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণে আসে।

খুশকির সমস্যা দূর হয়
চুলের স্বাস্থ্যকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে খুশকি। একবার খুশকির সমস্যা ধরলে তা সহজে দূর হয় না। স্ক্যাল্পে জমে থাকা ময়লা, মৃত ত্বকের কোষ এবং অতিরিক্ত তেল খুশকিকে আরও বাড়িয়ে তোলে।

নিমকাঠের চিরুনি এখানে কার্যকরী ভূমিকা নেয়। নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্প থেকে খুশকি দূর হয় এবং নতুন খুশকি জমতে পারে না। কাঠের প্রাকৃতিক তেল এবং হালকা ম্যাসাজ স্ক্যাল্পকে স্বাস্থ্যসম্মত রাখে, ফলে খুশকি আর স্ক্যাল্পে খসখসে অনুভূতি থাকে না।

কীভাবে ব্যবহার করবেন
চুল ভেজা থাকলে হালকা করে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। সপ্তাহে অন্তত একবার নিমকাঠের চিরুনি দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং খুশকি কমে। অতিরিক্ত চুলের তেল বা ধুলা থাকলে চিরুনি ব্যবহার করার আগে হালকা শ্যাম্পু করা ভালো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ব্রাউন লিভিং

আরও পড়ুন:
চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে
শীতকালে চুলে খুশকি বাড়ার আগেই নিন প্রতিরোধের ব্যবস্থা 

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।