ইফতারে স্বাদে ভিন্নতা আনতে বানান ব্রেড পকেট শর্মা
রোজার ইফতারে মুড়ি, বুট, পেঁয়াজি, বেগুনি, হালিম, শরবত, জিলাপি তো থাকবেই। কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদ বা নতুন পদ যোগ করা মানে ইফতারে নতুনতা আনা। যদি চান একটু অন্যরকম করতে, তাহলে ব্রেড পকেট শর্মা বানাতে পারেন। ব্রেড পকেট শর্মা বানাতে খুব বেশি সময় লাগে না। হাতের কাছে থাকা বিভিন্ন উপকরণ দিয়েই ঝটপট শর্মা বানিয়ে ফেলা যায় ।
আসুন জেনে নেওযা যাক বাড়িতেই ব্রেড পকেট শর্মা কীভাবে তৈরি করবেন-

উপকরণ
১. পাউরুটি ৮-১০ পিস
২. মুরগির মাংসের কিমা ২ কাপ
৩. আদা বাটা ১ চা চামচ
৪. রসুন বাটা ১ চা চামচ
৫. ধনে গুঁড়া ১ চা চামচ
৬. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ
৭. কাবাব মসলা ১ চা চামচ
৮. টমেটো কুচি শসা কুচি গাজর কুচি ১ কাপ
৯. টমেটো সস ১ টেবিল চামচ
১০. গোলমরিচ গুঁড়াআধা চা চামচ
১১. সরিষার সস আধা চা চামচ
১২. ব্রেডক্রাম্বস ১ কাপ
১৩. সয়াবিন তেল পরিমাণমতো
১৪. মেয়োনিজ ৩ টেবিল চামচ
১৫. লবণ স্বাদমতো
১৬. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে এক টেবিল চামচ তেল গরম করে তাতে আদা ও রসুনের বাটা নেড়ে নিন। মসলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মাংসের কিমা এবং ভাজা জিরার গুঁড়া দিন। এরপর মরিচের গুঁড়া, লবণ, কাবাব মসলা ও ধনে গুঁড়া মিশিয়ে কয়েক মিনিট ভেজুন। সামান্য পানি দিয়ে মিশ্রণটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে কিমা নামিয়ে ঠান্ডা করে নিন।
এবার একটি পাত্রে ভাজা মাংসের সঙ্গে সবজি কুচি, মেয়োনিজ, গোলমরিচ এবং লবণ মিশিয়ে পুর তৈরি করুন।
অন্যদিকে দুটি পাউরুটি একটির ওপর আরেকটি রেখে রুটি বেলার বেলুন দিয়ে চেপে পাতলা করে নিন। একটি গোল কাটার বা গ্লাস দিয়ে রুটি দুটি একসঙ্গে গোল করে কেটে নিন।
প্রস্তুত করা গোল রুটির চাকাটি প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন। গরম তেলে মাঝারি আঁচে রুটিগুলো ভাজুন। ভাজার সময় এগুলো লুচির মতো ফুলে উঠবে। ভাজা রুটিগুলো মাঝখান থেকে কেটে দুটি পকেট তৈরি করুন। পকেটের ভেতরে আগে তৈরি করা চিকেন পুর সাবধানে চামচ দিয়ে ভরে দিন। এভাবে সবগুলো ব্রেড পকেট শর্মা বানিয়ে নিন। ইফতারে সসের সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন:
ইফতারে রাখুন মজাদার ডিম চপ
আলুর চপে নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন পটেটো চিজ বল
এসএকেওয়াই