ইফতারের টেবিলে রাজকীয় স্বাদ পেতে রাখুন কোপ্তা পোলাও

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৩ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

 

ব্যস্ততার কারণে অনেকেই ইফতারে দ্রুত এবং সহজ খাবার ভাজাপোড়া খান। সপ্তাহের কর্মব্যস্ততার পরে, ছুটির দিনে একটু সময় বের করা গেলে সবাই প্রায়ই স্পেশাল, মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। এমন সময় কোফতা পোলাও হতে পারে পারফেক্ট অপশন।

রাজকীয় এই খাবার শুধু সুস্বাদু নয়, এটি আপনার ইফতারের টেবিলকেও আকর্ষণীয় করে তুলবে। বড় ছোট সকলের জন্য এটি ভালোভাবে পরিবেশন করা যায়। ছুটির দিনে পরিবারের সঙ্গে বসে সুস্বাদু কোফতা পোলাও খাওয়া শুধু মুখরোচক নয়, পরিবারের আনন্দও দ্বিগুণ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে কোফতা পোলাও তৈরি করবেন-

tyu

উপকরণ
১. হাড় ছাড়া মাংসের কিমা (গরু/মুরগি আধা কেজি)
২. বুটের ডাল ১ কাপ
৩. পেঁয়াজকুচি ১ কাপ
৪. ডিম ২ টি
৫. কাঁচা মরিচকুচি ৫টি
৬. শুকনা লাল মরিচ ৪ টি
৭. হলুদগুঁড়া আধা চা চামচ
৮. ধনেগুঁড়া আধা চা চামচ
৯. জিরাগুঁড়া ১ চা চামচ
১০. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
১১. রসুনবাটা ১ টেবিল চামচ
১২. আদাবাটা ১ টেবিল চামচ
১৩. লবণ স্বাদমতো
১৪. তেজপাতা ২টি
১৫. দারুচিনি ২ টুকরা

পোলাওয়ের জন্য
১. পোলাও বা বাসমতির চাল আধা কেজি
২. ঘি ৩ টেবিল চামচ
৩. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ
৪. আদাবাটা ১ চা চামচ
৫. রসুনবাটা ১ চাচামচ
৬. টমেটো সস ১ টেবিল চামচ
৭. টক দই ২ টেবিল চামচ
৮. কেওড়া জল ১ টেবিল চামচ
৯. চিনি আধা টেবিল চামচ
১০. তরল দুধ আধা কাপ
১১. তেজপাতা ২টি
১২. দারুচিনি ২ টুকরা
১৩. কিশমিশ পরিমাণমতো
১৪. পেঁয়াজকুচি আধা কাপ
১৫. লবণ স্বাদমতো
১৬. পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো
১৭. তেল পরিমাণমতো
১৮, পানি পরিমাণমতো

rty

প্রস্তুত প্রণালি
প্রথমে কোফতার জন্য মাংসসহ সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে নিন। মাংস ও ডাল সেদ্ধ হয়ে শুকিয়ে গেলে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার এই মাংসের সঙ্গে ডিম ভালোভাবে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে হাতের তালুতে তেল দিয়ে ছোট ছোট গোল তৈরি করুন এবং আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর প্যানে তেল গরম করে কোফতাগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।

পোলাও তৈরির জন্য চুলায় কড়াইতে তেল এবং ঘি গরম করে তাতে দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হলে বাকি সব উপকরণ দিয়ে ভেজে রাখা কোফতার অর্ধেক দিয়ে কষিয়ে নিন।

এরপর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল মসলার সঙ্গে ৫ মিনিট ভাজুন। চাল ঝরঝরে হয়ে এলে পরিমাণমতো গরম পানি (চালের দ্বিগুণ) এবং দুধ দিয়ে দিন। পানি ফুটে এলে ভেজে রাখা কোফতা এবং আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিন। পানি শুকিয়ে এলে চুলার আঁচ কমিয়ে ওপরে ঘি ও কিশমিশ দিয়ে ২০ মিনিট দমে রাখুন। রান্না শেষ হলে ওপরে বেরেস্তা ছিটিয়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন।

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।