রোদে পোড়া দাগ দূর করার ঘরোয়া উপায়
রোদে বেশি সময় কাটালে ত্বকে ট্যান বা কালচে দাগ পড়া খুবই সাধারণ একটি সমস্যা। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে যায়, যার ফলে ত্বক ধীরে ধীরে কালচে হয়ে যায়। বিশেষ করে মুখ, হাত, ঘাড় ও পায়ের মতো খোলা অংশগুলোতে এই ট্যান বেশি দেখা যায়। তবে চিন্তার কিছু নেই।
নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে এই ট্যান কমানো সম্ভব। কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বকের ক্ষতি না করেই রোদে পোড়া দাগ হালকা করা যায়।
বিশেষজ্ঞদের মতে, ট্যান একদিনে তৈরি হয় না এবং একদিনে পুরোপুরি দূরও হয় না। নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে ত্বকের কালচে ভাব কমে আসে। এই প্রক্রিয়াকে একটু দ্রুত করতে কিছু সহজ ঘরোয়া উপায় ব্যবহার করা যেতে পারে।

দই ও মধুর ফেসপ্যাক
ট্যান কমানোর অন্যতম কার্যকর উপায় হলো দই ও মধুর ফেসপ্যাক। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। অন্যদিকে মধু ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা কমায়। এক চামচ দইয়ের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে বা ট্যান হওয়া জায়গায় লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার ও কোমল দেখায়।
পেঁপের ফেসপ্যাক
পেঁপে ত্বকের ট্যান দূর করতে বেশ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এতে থাকা প্যাপাইন নামের এনজাইম ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পাকা পেঁপে চটকে মুখে বা ট্যান হওয়া স্থানে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বকের কালচে ভাব ধীরে ধীরে কমতে পারে।
বেসন ও হলুদ
ঘরোয়া রূপচর্চায় বহুল ব্যবহৃত একটি উপায় হলো বেসন ও হলুদের প্যাক। বেসন ত্বকের ওপর জমে থাকা ময়লা ও মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। আর হলুদের কারকিউমিন উপাদান ত্বকের রং সমান রাখতে সহায়তা করে। বেসনের সঙ্গে সামান্য হলুদ ও পানি বা দই মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করলে ত্বক সতেজ ও উজ্জ্বল দেখায়।

অ্যালোভেরা ও টমেটো
অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বককে ঠান্ডা রাখে, প্রদাহ কমায় এবং মেলানিন উৎপাদন কিছুটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অন্যদিকে টমেটোতে থাকা লাইকোপিন ত্বককে উজ্জ্বল করতে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। ১ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ টমেটোর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ট্যান কমাতে সাহায্য করতে পারে।
আলুর রস
ত্বকের কালচে দাগ কমাতে আলুর রসও বেশ কার্যকর। এতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আলু কেটে সরাসরি ত্বকে ঘষে ব্যবহার করা যায়, আবার আলুর রস বের করে তুলোর সাহায্যে দাগের জায়গায় লাগানোও যেতে পারে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে ভাব কিছুটা হালকা হতে পারে।
সব ঘরোয়া উপায় সবার ত্বকে একইভাবে কাজ নাও করতে পারে। তাই নতুন কিছু ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। এছাড়া ট্যান কমানোর পাশাপাশি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। কারণ সানস্ক্রিন ব্যবহার না করলে আবার নতুন করে ত্বকে ট্যান পড়তে পারে।
সূত্র: এনডিটিভি, বিউটিফুল ইন্ডিয়া
- আরও পড়ুন:
ত্বকের তারুণ্য ধরে রাখতে পেঁপে ব্যবহার করবেন যেভাবে
রাত জেগে কাজ করলে ত্বকের যত্ন নেবেন যেভাবে
এসএকেওয়াই