মাছ-মাংস ম্যারিনেট করার সময় যেসব ভুল করলে স্বাদ নষ্ট হয়
রান্নার আগে মাছ, মাংসকে সুস্বাদু বানাতে ম্যারিনেট করে রাখেন অনেকে। ঠিকভাবে ম্যারিনেট করলে খাবারের স্বাদ, গন্ধ কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু অনেকেই না জেনে কিছু ছোট ছোট ভুলের কারণে পুরো রান্নার স্বাদই নষ্ট হয়ে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সঠিক ম্যারিনেশনের নিয়ম এবং ভুলগুলো এড়িয়ে চলার সঠিক উপায়।
ম্যারিনেট করার সময় ঠিক না বোঝা
সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো ম্যারিনেট করার সময় ঠিকভাবে না বোঝা। অনেকেই মাছ বা মাংসে মসলা মেখে ১০-১৫ মিনিট পরেই রান্না শুরু করেন। এতে মসলা ভেতরে প্রবেশ করার সুযোগ পায় না, শুধু বাইরেই লেগে থাকে। ফলে খাওয়ার সময় স্বাদ একরকম ফিকে লাগে।গরু বা খাসির মাংসের ক্ষেত্রে কমপক্ষে ৪-৬ ঘণ্টা ম্যারিনেট করা উচিত। সম্ভব হলে সারা রাত ফ্রিজে রেখে দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অন্যদিকে মাছের ক্ষেত্রে বেশি সময় রাখা ঠিক নয়, কারণ এতে মাছ ভেঙে যেতে পারে।

পানি ব্যবহার নিয়ে ভুল ধারণা
ম্যারিনেশনের ক্ষেত্রে অনেকেই অতিরিক্ত পানি ব্যবহার করেন, যা বড় একটি ভুল। বিশেষ করে তান্দুর জাতীয় রান্নার ক্ষেত্রে ম্যারিনেশনে একেবারেই পানি দেওয়া উচিত নয়। এতে মসলার ঘনত্ব নষ্ট হয়ে যায় এবং স্বাদ ঠিকমতো ভেতরে ঢোকে না।
যদি দই ব্যবহার করেন, তাহলে অবশ্যই সেটির পানি ঝরিয়ে নিয়ে ব্যবহার করা ভালো। না হলে ম্যারিনেশন পাতলা হয়ে যায় এবং খাবারের আসল স্বাদ কমে যেতে পারে।
অতিরিক্ত অ্যাসিডিক উপাদান ব্যবহার
সাধারণ ভুল হলো লেবুর রস, ভিনেগার বা টক দই অতিরিক্ত ব্যবহার করা। অনেকে ভাবেন যত বেশি টক, তত বেশি নরম হবে মাংস। কিন্তু বাস্তবে অতিরিক্ত অ্যাসিড মাংসের প্রোটিন দ্রুত ভেঙে দেয়, যার ফলে রান্নার পর টেক্সচার শক্ত বা রাবারের মতো হয়ে যেতে পারে। সঠিক পরিমাণে ব্যবহার করলে এগুলো মাংসকে নরম ও রসালো করে, কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায়।

লবণ দেওয়ার ভুল সময়
ম্যারিনেশনের সময় অনেকেই বেশি লবণ দিয়ে ফেলেন, যা একটি সাধারণ কিন্তু বড় ভুল। কেউ একেবারে শুরুতে বেশি লবণ দেন, আবার কেউ একদমই দেন না। এই দুইটিই ক্ষতিকর। বেশি লবণ দিলে মাংস থেকে পানি বের হয়ে গিয়ে তা শুকনো হয়ে যায়, আর একদম না দিলে স্বাদ ভেতরে ঢোকে না।সঠিক নিয়ম হলো রিমিত লবণ দিয়ে শুরুতেই মিশিয়ে নেওয়া, যাতে মসলা ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে।
ঠিকভাবে মসলা না মেশালে
অনেক সময় দেখা যায় মসলার মিশ্রণ শুধু উপরেই লেগে থাকে, ভেতরের অংশে ঠিকভাবে যায় না। এর ফলে রান্নায় অসম স্বাদ পাওয়া যায়, এক অংশ বেশি ঝাল, অন্য অংশ ফিকে।ম্যারিনেট করার সময় হাত দিয়ে ভালোভাবে মালিশ করে মসলা মেশানো জরুরি। প্রতিটি টুকরো যেন সমানভাবে কোটেড হয়, তা নিশ্চিত করতে হবে।

ঘরের তাপমাত্রায় দীর্ঘ সময় রেখে দেওয়া
আরেকটি বড় ভুল হলো ম্যারিনেট করা খাবার ঘরের তাপমাত্রায় অনেকক্ষণ রেখে দেওয়া। বিশেষ করে গরম আবহাওয়ায় এটি ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়ায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই দীর্ঘ সময় ম্যারিনেট করতে হলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এটি খাবারের নিরাপত্তা নিশ্চিত করে এবং স্বাদও ঠিক রাখে।
অতিরিক্ত মসলা ব্যবহার করা
অনেকে মনে করেন বেশি মসলা মানেই বেশি স্বাদ। কিন্তু বাস্তবে অতিরিক্ত মসলা মাছ বা মাংসের আসল স্বাদ ঢেকে দেয়। এতে খাবার ভারসাম্য হারায় এবং খেতে ভালো লাগে না। সঠিক পরিমাণে মসলা ব্যবহার করাই ভালো।
পাত্র নির্বাচন ও ঢেকে রাখা
ম্যারিনেশনের জন্য কাচের পাত্র ব্যবহার করা উচিত। কারণ এটি খাবারের সঙ্গে বিক্রিয়া করে না এবং স্বাদও অক্ষুণ্ণ থাকে। ম্যারিনেশন শেষে পাত্র খোলা রাখা ঠিক নয়। অবশ্যই স্টিলের ঢাকনা, কাচের ঢাকনা বা ট্রান্সপারেন্ট ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে। এতে শুধু পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায় না, বরং মসলার গন্ধও ধরে রাখা সম্ভব হয়।
ম্যারিনেশন হলো রান্নার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ঠিকভাবে করলে সাধারণ মাছ-মাংসও অসাধারণ স্বাদে রূপ নিতে পারে। কিন্তু সামান্য ভুলেই পুরো রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই ঠিকভাবে মেনে চললেই আপনি পেতে পারেন সুস্বাদু খাবার।
সূত্র: দ্য কিচেন, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
এসএকেওয়াই