ভিন্টেজ হোয়াইটে আত্মবিশ্বাসী মালাইকা
সাদা রং মানেই নিরাসক্ত বা সাধারণ, এই চিরচেনা ধারণাকে আবারও ভেঙে দিলেন বলিউডের ফ্যাশন আইকন মালাইকা অরোরা। সম্প্রতি ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে ক্যামেরাবন্দি হয়ে তিনি প্রমাণ করলেন, সঠিক স্টাইলিং আর আত্মবিশ্বাস থাকলে সাদাও হতে পারে নজরকাড়া ও শক্তিশালী।
বরাবরের মতোই গ্ল্যামার আর আধুনিকতার বাইরে গিয়ে এবার মালাইকার লুকে ধরা দিয়েছে এক ভিন্ন আবহ শান্ত, পরিমিত কিন্তু স্পষ্টভাবে বোল্ড। এই লুক কোনো চড়া রঙ বা অতিরিক্ত সাজে নয়, বরং নরম সাদার ভেতর লুকিয়ে থাকা দৃঢ় ব্যক্তিত্বকে সামনে এনেছে।
বিশেষভাবে নজর কেড়েছে তার পোশাকের রঙ। প্যানটোন ঘোষিত ২০২৬ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ক্লাউড ড্যান্সার শেডের সঙ্গে যেন অবিকল মিলে গেছে মালাইকার এই স্টাইলিং। হালকা, প্রশান্ত ও মোলায়েম এই সাদা রংকে প্যানটোন দেখছে মানসিক স্থিরতা, স্বচ্ছতা ও শান্তির প্রতীক হিসেবে। মেঘের মতো নরম এই শেড বর্তমান ব্যস্ত ও ক্লান্ত সময়ের মাঝে একধরনের ভিজ্যুয়াল স্বস্তিও এনে দেয়।
স্টাইলিংয়ের দিক থেকে ক্লাউড ড্যান্সার কখনো তৈরি করে কোমল সফট-গার্ল ভাইব, আবার কখনো নিঃশব্দে প্রকাশ করে আত্মবিশ্বাসী বোল্ডনেস। মালাইকার লুকে এই দুই বিপরীত অনুভূতিরই সুন্দর সমন্বয় দেখা গেছে, যা তাঁকে অনায়াসেই ২০২৬ সালের ট্রেন্ডসেটারদের তালিকায় জায়গা করে দিয়েছে।
এই লুকে তিনি বেছে নিয়েছেন নুডল স্ট্র্যাপের স্লিম আইভরি গাউন। গাউনের সোজাসাপটা সিলুয়েটের নিচের অংশে থ্রিডি ফ্লোরাল অ্যাপ্লিক যুক্ত হয়ে পোশাকে এনেছে নরম রোমান্টিক টেক্সচার। এর সঙ্গে হালকা স্ট্রাকচার্ড সাদা লং কোট লেয়ার করে পুরো লুককে দিয়েছে ইউরোপিয়ান ভিন্টেজ অনুভূতি যেখানে রেট্রো ছোঁয়া থাকলেও আধুনিকতার অভাব নেই।
তবে পুরো স্টাইলিংয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক নিঃসন্দেহে তার হেডপিস। সাদা ক্যাপের সঙ্গে যুক্ত ফাইন নেট ভেইল এই লুককে শুধু আলাদা করেনি, বরং এটিকে এক ধরনের ফ্যাশন স্টেটমেন্টে রূপ দিয়েছে যা চোখে পড়ে, কিন্তু চিৎকার করে নয়।
মেকআপেও রাখা হয়েছে পরিচ্ছন্ন ও সফট অ্যাপ্রোচ। ন্যুড ব্রাউন লিপস, হালকা স্মোকি আইস ও নরম ব্লাশ মালাইকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। জুয়েলারিতেও বাড়াবাড়ি নেই; মুক্তা ও পাথরের দুল, সিম্পল লকেট চেইন, আংটি-ব্রেসলেট আর সিলভার ঘড়ির পরিমিত ব্যবহার পুরো লুকের ভারসাম্য বজায় রেখেছে।
সব মিলিয়ে এই ভিন্টেজ হোয়াইট লুক আবারও মনে করিয়ে দেয় মালাইকা অরোরা কেবল ট্রেন্ডের পেছনে হাঁটেন না। বরং তিনি নিজের স্টাইল বোধ দিয়ে ট্রেন্ডকে নতুনভাবে ব্যাখ্যা করতে জানেন, যেখানে নীরবতাও হয়ে ওঠে শক্তিশালী।
জেএস/