হেলিকপ্টার, রোদচশমা আর অ্যাকশন লুক, ‘প্রিন্স’ হয়ে ফিরছেন শাকিব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শাকিব খান। ছবি: সংগৃহীত

 

হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে শাকিব খান, চোখে রোদচশমা, হাতে মিসাইল-দেখলেই বোঝা যায়, বড়সড় অ্যাকশন ধাঁচের কিছু আসছে। ঠিক এমন লুকেই ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’-তে হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। সিনেমার মোশন পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে।

মোশন পোস্টারের ট্যাগলাইন- “একটা শহর, একটা উপাখ্যান-ঢাকা এবার বলবে ‘প্রিন্স’র গল্প”। নির্মাতা সূত্রে জানা গেছে, রোমান্স ও অ্যাকশন-দুই ঘরানার মিশেল থাকবে সিনেমাটিতে। গল্পের পটভূমি নব্বইয়ের দশকের ঢাকা শহর।

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। দৃশ্যের ভিজ্যুয়াল নান্দনিকতা ফুটিয়ে তুলতে দলে যুক্ত হয়েছেন বলিউডের ‘অ্যানিম্যাল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। প্রযোজনায় রয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

এদিকে শুটিংয়ের কাজে গত প্রায় ১০ দিন ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। জানা গেছে, সেখানে মূলত রোমান্টিক দৃশ্যের শুটিং হয়েছে। ইউনিটের একটি সূত্র জানায়, নতুন জুটি হলেও ক্যামেরার সামনে দু’জনই বেশ স্বচ্ছন্দ। পর্দায় তাদের রসায়ন দর্শকের ভালো লাগবে বলেই আশা নির্মাতার।

হেলিকপ্টার, রোদচশমা আর অ্যাকশন লুক, ‘প্রিন্স’ হয়ে ফিরছেন শাকিবশাকিব খানের আগামী সিনেমার প্রথম লুক

তবে ছবিতে শুধু রোমান্সই নয়, অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে জ্যোতির্ময়ীকে। নব্বইয়ের দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে সিনেমাটিতে শাকিব খানের আরেক নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জ্যোতির্ময়ী আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, সহ-অভিনেতা হিসেবে শাকিব খুবই সহযোগিতাপূর্ণ এবং নিজের তারকাখ্যাতির কোনো ভাবই দেখান না।

এখনও সিনেমার প্রায় ২০ দিনের শুটিং বাকি। পুরো ইউনিট দীর্ঘ সময় ধরে শ্রীলঙ্কায় শুটিং করছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শুধু খরচের বিষয় নয়, নব্বইয়ের দশকের আবহ ও লোকেশনগত মিল পাওয়ায় শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
স্বামীকে দেখে হৃদয় কৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত বললেন ফারিয়া 
খারাপ সময়েই চেনা যায় আপনজন, যে কারণে বললেন নুসরাত ফারিয়া 

সব মিলিয়ে, অ্যাকশন-রোমান্সে ভরপুর ‘প্রিন্স’ দিয়ে আসন্ন ঈদে বড় পর্দায় জমজমাট উপস্থিতির আভাস দিচ্ছেন শাকিব খান।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।