ইকরার মৃত্যু নিয়ে রহস্য, ‘আত্মহত্যা’ মানতে নারাজ বান্ধবী
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন-এমন তথ্যেই আপাতত এগোচ্ছে পুলিশ। তবে ঘটনার পরপরই সামনে এসেছে নতুন অভিযোগ। আলভীর এক সহকর্মী অভিনয়শিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি ইকরার পরিবারের। তাদের অভিযোগ, বিবাহবহির্ভূত সেই সম্পর্কের কারণেই ইকরা চরম সিদ্ধান্ত নেন।
ইকরার মা রেবেকা সুলতানা ও পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে দাম্পত্য টানাপোড়েন চলছিল। এমনকি ইকরার ঘনিষ্ঠ বন্ধুরাও বিষয়টি জানতেন। তবে ইকরার বান্ধবী সামিয়া আলম সাফ জানিয়েছেন-ইকরা আত্মহত্যা করার মতো মেয়ে নন। তার ভাষ্য, ‘কী পরিমাণ কষ্ট আলভী দিয়েছে, সেটা জানা দরকার।’
গতকাল শনিবার (দুপুর পৌনে ১২টা) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যা। ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। আজ রোববার (১ মার্চ) তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। এদিন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ইকরার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
ইকরা, সামিয়া আলম ও খাদিজা লুপিন-তিনজনের বন্ধুত্ব ১১ বছরের। তাদের একটি ফেসবুক গ্রুপও রয়েছে, যেখানে নিয়মিত যোগাযোগ হতো। সামিয়ার ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৪৬ মিনিট পর্যন্ত সেই গ্রুপে ইকরা মেসেজ করেন। সেখানে নেপালে যাওয়ার কথাও লিখেছিলেন।
সামিয়া বলেন, ‘আমরা ২৪ ঘণ্টাই গ্রুপে কানেক্টেড থাকি। ১০টা ৪৬ মিনিটে ইকরা লিখল, নেপাল যাবে। আমরা ভেবেছিলাম মাথা গরম আছে। শান্ত করার চেষ্টা করেছি। কারণ গতকাল সন্ধ্যায় ওদের বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল। এরপর আর কোনো মেসেজ দেয়নি। দুপুর ১টা ২৭ মিনিটে লুপিন নক করে জানতে চায়, তুই কই। এর মধ্যেই সব শেষ হয়ে যায়।’
ঘটনার সময় ইকরা ও আলভীর সন্তান রিজিক বাসায়ই ছিল বলে জানান সামিয়া। আলভীর সহকারী অর্কর সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন, আলভী নেপাল থেকে ফোনে বলেছিলেন- ‘তোমার ম্যাডাম পাগলামি করছে, গিয়ে দেখো।’ দুর্ঘটনার সময় ইকরার সঙ্গে আলভীর ফোনে কথা হচ্ছিল বলেও শোনা গেছে।
সামিয়া আরও জানান, ইকরা নাকি এরই মধ্যে আলাদা রুমে উঠেছিলেন। আলভী দেশে ফিরলে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও হয়েছিল তাদের মধ্যে। বন্ধুমহলে ইকরা বলেছিলেন, তিনি আলভীকে ডিভোর্স দেবেন এবং নতুন করে ব্যবসা শুরু করবেন। সন্তান রিজিক কার কাছে থাকবে-সেটি নিয়েও ভাবছিলেন।
আরও পড়ুন:
অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যায় বাড়ছে রহস্য
প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা, নোবেল ও পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
‘ইকরা সুইসাইড করার মতো মেয়ে না। ফোনে এমন কী কথা হয়েছিল, যা সে সহ্য করতে পারেনি-এটা জানা দরকার’ বলেন সামিয়া।
ঘটনাটি ঘিরে শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ।
এমএমএফ