হাসপাতালে জন কেরি


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০১ জুন ২০১৫

ফ্রান্সের সুঁজিয়ে এলাকায় সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রোববার ফ্রান্সে সাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। পায়ে আঘাত পাওয়া কেরিকে হেলিকপ্টারে করে সুইজারল্যান্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিবিসি।

খবরে বলা হয়, পায়ে আঘাত পাওয়া কেরির অবস্থা স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনাস্থল ফ্রান্সের সীমান্তবর্তী সিকোনজার থেকে হেলিকপ্টারে করে দ্রুত জেনেভায় নিয়ে আসা হয় তাকে। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের সঙ্গে ছয়জাতির চূড়ান্ত চুক্তি বিষয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় যাওয়ার কথা ছিল কেরির। কূটনৈতিক ভ্রমনের অংশ হিসেবে কেরি প্রায় সাইকেল চালিয়ে থাকেন। এ কারণে বিভিন্ন দেশ সফরের সময় তার সাইকেলটি বিমানে করে নিয়ে যাওয়া হয়।

রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, দুর্ঘটনা ঘটনাস্থলেই কেরির সাইকেল বহরে ছিলেন কয়েকজন প্যারাম্যাডিক ও একজন চিকিৎসক। তার অবস্থা স্থিতিশীল। তিনি জ্ঞান হারাননি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ভারতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির গুজরাট থেকে আহমেদাবাদ বিমানবন্দরে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে কেরিকে বহনকারী গাড়িটি ধাক্কা খায়। তবে ওই ঘটনায় কোনো আঘাত পাননি তিনি।

জেআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।