প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিশ্বের বৃহত্তম পোস্টার


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০১ জুন ২০১৫

ইস্তাম্বুল বিজয়ের বার্ষিকী উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এবং প্রধানমন্ত্রী আহমেদ দাবুতোগলুর একটি পোস্টার বিশ্বের বৃহত্তম পোস্টার হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দখল করে নিয়েছে। খবর এপি।

খবরে বলা হয়, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির অর্থায়নে তৈরি এ পোস্টারটির আকার ৪৭০৯ বর্গমিটার। অটোম্যান শাসকদের ইস্তাম্বুল বিজয়ের ৫৬২তম বার্ষিকীতে ইস্তাম্বুলে পোস্টারটি প্রদর্শন করা হয়। শুক্রবার ইস্তাম্বুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন।

এরদোগান ও দাবুতোগলুর ছবি সংবলিত পোস্টারটির ক্যাপশন বা স্লোগান হচ্ছে, ‘জনগণই আমাদের জন্য যথেষ্ট’। পোস্টারটি উন্মুক্ত করতে ১০০ লোকের প্রয়োজন পড়ে। পরে গিনেস কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর একে বিশ্বের বৃহত্তম পোস্টারের স্বীকৃতি দেয়। এর আগে ২০১৪ সালে বিশ্বের বৃহত্তম পোস্টারটি প্রদর্শন করা হয় ভারতে যার আকার ছিল ৩ হাজার ৩৬১ বর্গমিটার।

১৪৫৩ সালের ২৯ মে অটোম্যান সুলতান মাহমুদ দ্বিতীয় ইস্তাম্বুল দখল করেন। তখন এর নাম ছিল কনস্ট্যান্টিনোপল। এর আগে প্রায় ১ হাজার বছর বাইজেনটাইনরা এটি শাসন করেন। ইস্তাম্বুল দখলের মাধ্যমে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তুরস্কে নতুন যুগের সূচনা হয়।

জেআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।