গরম ভাতের স্বাদ বাড়াতে পাতে রাখুন শিমের বিচির ডাল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

শীত এলেই বাজারে শিমের বিচি চোখে পড়ে। আয়রন ও ভিটামিনে ভরপুর এই শিমের বিচি শরীরের পুষ্টির ঘাটতি পূরণে যেমন কার্যকর, তেমনই ওজন কমাতেও সাহায্য করে। 

মাছ দিয়ে শিমের বিচি রান্না করলে স্বাদে আসে ভিন্নতা। শোল বা দেশি মাছের সঙ্গে শিমের বিচির মিশেল তৈরি করে দারুণ সুস্বাদু এক পদ, যা একই সঙ্গে শক্তি ও পুষ্টি জোগায়। আবার যারা হালকা খাবার পছন্দ করেন, তারা চাইলে শিমের বিচি দিয়ে ডালও রান্না করতে পারেন। শিমের বিচির ডাল একটি সহজ, সুস্বাদু ও পুষ্টিকর পদ। গরম ভাতের সঙ্গে এর স্বাদ সত্যিই অতুলনীয়।

আসুন জেনে নেওয়া যাকশিমের বিচির ডাল কীভাবে রান্না করবেন-

ftg


উপকরণ
১. শিমের বিচি (খোসা ছাড়ানো) ১ কাপ
২. মুগ বা মসুর ডাল আধা কাপ
৩. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৪. আদা-রসুন বাটা ১ চা চামচ
৫. হলুদ ও মরিচ গুঁড়া আধা চা চামচ করে
৬. কাঁচা মরিচ ৪টি
৭. আস্ত জিরা সামান্য
৮. শুকনো মরিচ ১টি
৯. রসুন কুচি আধা চা চামচ
১০. লবণ স্বাদমতো
১১. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে শিমের বিচি ও ডাল ভালো করে ধুয়ে নিন। একটি হাঁড়িতে ২ কাপ পানি দিয়ে তাতে শিমের বিচি ও ডাল, হলুদ, মরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ডাল ও বিচি নরম হয়ে এলে চুলা বন্ধ করুন।

এরপর আলাদা একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এতে আদা-রসুন বাটা যোগ করে কাঁচা ভাব কেটে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষান।

এবার এই কষানো মশলায় সিদ্ধ করে রাখা ডাল ও শিমের বিচি ঢেলে দিন। প্রয়োজনমতো পানি মিশিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট জ্বাল দিন, যতক্ষণ না ডাল সুন্দরভাবে মিশে যায়।

অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে আস্ত জিরা, শুকনো মরিচ ও রসুন কুচি হালকা লাল করে ভেজে নিন। এই ফোড়নটি ডালের ওপর ঢেলে দিন। তারপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:
চালতা দিয়ে ইলিশের টক ঝোল 
লেবু পাতা দিয়ে পাবদার ঝোল 

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।