নাকের পাশে ফুসকুড়ি দূর করতে ব্যবহার করুন ঘরোয়া প্যাক
মুখে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করেও অনেকের ত্বক রুক্ষই থেকে যাচ্ছে। গাল টানটান লাগে, হাসলে টান পড়ে, আর নাকের দু’পাশে ছোট ছোট ব্রণ বা ফুসকুড়ি দেখা দেয়।
আবহাওয়া বদলের সময়ে এই সমস্যা আরও বাড়ে। শুষ্ক হাওয়া ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়, ফলে বাইরে থেকে যতই ক্রিম লাগানো হোক, ভেতরকার শুষ্কতা পুরোপুরি কাটে না। তাই শুধু বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করলেই সমাধান মিলবে-এমন ভাবা ঠিক নয়। দরকার ত্বকের ভেতর থেকে সঠিক যত্ন।
ত্বক খসখসে হওয়ার অন্যতম কারণ হলো মৃতকোষ জমে থাকা। যখন স্কিন সেল বা কোষের পুনর্গঠন ঠিকমতো হয় না, তখন ত্বকের উপরের স্তর রুক্ষ হয়ে পড়ে। অতিরিক্ত তেল, ধুলা-ময়লা এবং বন্ধ রোমকূপের কারণে নাকের পাশে ব্রণও দেখা দিতে পারে। তাই ত্বককে নরম করতে হলে এমন কিছু ব্যবহার করতে হবে, যা একদিকে মৃতকোষ দূর করবে, অন্যদিকে কোষের পুনরুজ্জীবন ঘটাবে।

১. বেসন-হলুদের প্যাক
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে বেসন-হলুদের প্যাক বেশ কার্যকর। ২ চামচ বেসনের সঙ্গে আধ চামচ হলুদ গুঁড়া, আধ চামচ চন্দন গুঁড়া এবং পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বেসন অতিরিক্ত তেল ও জমে থাকা ময়লা দূর করে। হলুদ ও চন্দনে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকের জেল্লা বাড়ায়। সপ্তাহে ২ দিন ব্যবহার করলে ধীরে ধীরে খসখসে ভাব কমবে।
২. মধু-দারুচিনি প্যাক
ত্বক নরম রাখতে মধুর জুড়ি মেলা ভার। এতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ব্রণ প্রতিরোধে সাহায্য করে। ১ চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে ৩ চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে গরম পানি ধুয়ে ফেলুন।মধু মৃতকোষ দূর করে ত্বককে মসৃণ করে, আর দারচিনি প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বক বেশি খসখসে হলে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করা যেতে পারে।

৩. অ্যালোভেরা ও গ্লিসারিন মাস্ক
১ চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে রাতে ঘুমের আগে নাকের চারপাশ ও গালে লাগান। হালকা করে মালিশ করুন। সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বককে শান্ত করে, জ্বালা ও র্যাশ কমায়। গ্লিসারিন ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম ও মসৃণ হয়, পাশাপাশি ব্রণের সমস্যাও কমতে পারে।
ত্বকের যত্নে ধৈর্য জরুরি। পর্যাপ্ত পানি পান, সুষম খাবার এবং সঠিক স্কিনকেয়ার রুটিন মেনে চললে খসখসে ভাব দূর হয়ে ত্বক ফিরে পাবে স্বাভাবিক কোমলতা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
আরও পড়ুন:
রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন এই ফেসপ্যাক
রমজানে ক্লান্ত নয়, প্রাণবন্ত ত্বক চাইলে যা করবেন
এসএকেওয়াই