কাঁচা পেঁয়াজ খাওয়া উপকারী হলেও যাদের জন্য ক্ষতিকর
আমাদের অনেকেরই ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস রয়েছে। এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফিউরিক যৌগ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। তবে সব মানুষের জন্য কাঁচা পেঁয়াজ সমানভাবে উপকারী নয়। কিছু মানুষের ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে।
পুষ্টিবিদরা জানিয়েছেন, যাদের হজমতন্ত্র সংবেদনশীল, তাদের কাঁচা পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলা উচিত। বিশেষ করে যারা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) সমস্যায় ভোগেন। পেঁয়াজে থাকা ফ্রুকটান নামের যৌগ অন্ত্রে গিয়ে ফারমেন্টেশন প্রক্রিয়া তৈরি করতে পারে। এর ফলে গ্যাস, পেট ফাঁপা, পেটে ব্যথা বা পাতলা পায়খানার মতো সমস্যা দেখা দিতে পারে।
বুক জ্বালাপোড়া বা জিইআরডি সমস্যায়
যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) বা ঘন ঘন বুক জ্বালাপোড়া হয়, তাদেরও কাঁচা পেঁয়াজ সমস্যা তৈরি করতে পারে। কাঁচা পেঁয়াজ পাকস্থলীতে অ্যাসিড বাড়িয়ে দিতে পারে, যার ফলে বুক জ্বালাপোড়া, টক ঢেকুর বা গলায় জ্বালাভাব দেখা দিতে পারে।

মাইগ্রেন আক্রান্তদের জন্য সতর্কতা
মাইগ্রেন সমস্যায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রেও কাঁচা পেঁয়াজ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। পেঁয়াজে থাকা টাইরামিন নামের যৌগ সংবেদনশীল ব্যক্তির মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেন আক্রান্তদের পরিমিতভাবে এবং সতর্কতার সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত।
অ্যালার্জি যাদের আছে
যাদের পেঁয়াজে অ্যালার্জি আছে, তাদের কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে চুলকানি, ফুসকুড়ি, ঠোঁট বা জিহ্বা ফুলে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া হতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। এই ধরনের ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খাওয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলা ভালো।
যাদের শরীরে কোনো সমস্যা নেই, তারা পরিমিত পরিমাণে কাঁচা পেঁয়াজ খেতে পারেন। বিশেষ করে দুপুরের খাবারের সঙ্গে সালাদ হিসেবে কাঁচা পেঁয়াজ উপকারী। এটি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় এবং হজম প্রক্রিয়া সহজ করে।
পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজ কাঁচা বা রান্না-উভয়ভাবেই খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে পেঁয়াজ খাওয়ার সঠিক পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।
সূত্র: ওয়েবএমডি, টাইমস অব ইন্ডিয়া
- আরও পড়ুন:
ওজনের ওপর ইন্টারমিটেন্ট ফাস্টিং ও রোজার প্রভাব কি একইরকম
ডায়াবেটিস রোগী কি ইফতারে খেজুর খেতে পারবেন
এসএকেওয়াই