ভালোবাসা যখন বিষ হয়ে ওঠে, টক্সিক সম্পর্ক চেনার উপায়
প্রচলিত আছে ভালোবাসা দিয়ে নাকি পাথরেও ফুল ফোটানো যায়। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে প্রিয় অনুভূতিগুলোর একটি। তবে কখনো কখনো কিছু সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ভালোবাসা থাকে না; থাকে শুধু নীরব কষ্ট, অপমান, সন্দেহ আর মানসিক চাপ। তখন সেই প্রিয় অনুভূতি ভালোবাসা গলার কাঁটা হয়ে ওঠে।
সম্প্রতি দেশের শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে, সম্পর্কের ভাঙন কতটা গভীর মানসিক ক্ষত তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিবারের সূত্রে জানা যায়, অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ইকরার সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। পরকিয়ার অভিযোগ, বিশ্বাসভঙ্গ, মানসিক অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি নাকি ইকরাকে ভেতর থেকে ভেঙে দেয়। শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন-এমন দাবি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে।
ছবি: অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ইকরা
এই ঘটনায় কারও ব্যক্তিগত জীবন নিয়ে বিচার করা আমাদের উদ্দেশ্য নয়। বরং প্রশ্ন তোলা জরুরি একটি সম্পর্ক কীভাবে এতটা বিষাক্ত হয়ে ওঠে যে মানুষ নিজের জীবনকেই তুচ্ছ মনে করতে শুরু করে? আমরা কি আগেভাগে সেই সংকেতগুলো চিনতে পারি?
টক্সিক সম্পর্ক আসলে কী?
টক্সিক সম্পর্ক মানে শুধু ঝগড়া বা মতভেদ নয়। মতবিরোধ যেকোনো সুস্থ সম্পর্কেই থাকে। কিন্তু যখন বারবার অপমান করা হয়, মানসিকভাবে নিয়ন্ত্রণ করা হয়, ভয়, অপরাধবোধ বা হীনমন্যতার মধ্যে রাখা হয়, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে হয় তখন সেটি টক্সিক সম্পর্কের লক্ষণ।
এ ধরনের সম্পর্কে একজন সঙ্গী ধীরে ধীরে আত্মসম্মান হারায়। নিজের ওপর আস্থা কমে যায়। সে ভাবতে শুরু করে ‘সমস্যাটা বোধহয় আমারই।’
টক্সিক সম্পর্কের প্রধান লক্ষণ
ছবি: অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ইকরা
গ্যাসলাইটিং
গ্যাসলাইটিং হলো এমন এক মানসিক কৌশল, যেখানে আপনাকে আপনার নিজের অনুভূতি ও স্মৃতি নিয়ে সন্দেহে ফেলা হয়। যেমন- আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সঙ্গী বলছে, ‘তুমি অযথা নাটক করছ।’ বারবার এমন হলে আপনি ভাবতে শুরু করবেন ‘আমি কি সত্যিই বাড়াবাড়ি করছি?’
নিয়ন্ত্রণের প্রবণতা
কার সঙ্গে কথা বলবেন, কোথায় যাবেন, কী পরবেন, সামাজিক মাধ্যমে কী পোস্ট করবেন-এসব নিয়ন্ত্রণ করা শুরু করলে তা ভালোবাসা নয়, আধিপত্য।
অবমূল্যায়ন
আপনার কাজ, সাফল্য, অনুভূতি সবকিছুকে ছোট করে দেখা। ‘তুমি কিছুই পারো না।’, ‘তুমি না থাকলে আমি অনেক ভালো থাকতাম।’- এই কথাগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাসকে শেষ করে দেয়।
অবিশ্বাস ও পরকিয়া
বিশ্বাস সম্পর্কের ভিত্তি। যখন সেই বিশ্বাস ভেঙে যায় বিশেষ করে পরকিয়ার মতো ঘটনায় তখন তা শুধু সম্পর্ক নয়, একজন মানুষের আত্মমর্যাদাকেও ভেঙে দেয়। অনেকেই তখন নিজেকে অযোগ্য, অপ্রতুল মনে করেন। মনে করেন, ‘আমি যথেষ্ট ছিলাম না।’-এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলে তা মারাত্মক মানসিক ট্রমায় রূপ নিতে পারে।
আবেগগত ব্ল্যাকমেইল
‘তুমি যদি আমাকে ছাড়ো, আমি শেষ হয়ে যাব।’, ‘আমার জন্যই তো তোমাকে থাকতে হবে।’- এই ধরনের কথার মাধ্যমে একজন মানুষকে দায়বদ্ধতার ফাঁদে আটকে রাখা হয়।
অনেকেই প্রশ্ন করেন, এত কষ্ট হলে বের হয়ে আসে না কেন?
কারণগুলো জটিল। যেমন- সামাজিক লজ্জা, পরিবার ভাঙার ভয়, অর্থনৈতিক নির্ভরতা, সন্তান, একাকীত্বের আতঙ্ক, ভালো সময়ের স্মৃতি আঁকড়ে ধরা। অনেক সময় ভুক্তভোগী বিশ্বাসই করতে পারেন না যে তিনি মানসিক নির্যাতনের শিকার। তিনি ভাবেন, ‘সব সম্পর্কেই তো একটু-আধটু সমস্যা থাকে।’
আরও পড়ুন:
- সম্পর্ক ভাঙার পর সচেতন থাকুন
- কেন টেকেনি আমিরের সংসার, জানালেন নিজেই
- মানুষ পরকীয়ায় জড়ায় কেন? গবেষণা যা বলছে
আত্মঘাতী চিন্তা
টক্সিক সম্পর্ক দীর্ঘদিন চলতে থাকলে মানুষ নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। ঘুমের সমস্যা, অকারণে কান্না, সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়া, আমি না থাকলে সবার ভালো হতো এমন চিন্তা- এসব আত্মঘাতী চিন্তার প্রাথমিক লক্ষণ হতে পারে।
যে কোনো পরিস্থিতিতে আত্মহত্যা সমাধান নয়। এটি সাময়িক সমস্যার স্থায়ী ও মর্মান্তিক পরিণতি। তাই এমন চিন্তা এলে অবিলম্বে পরিবারের সদস্য, বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা জরুরি।
কীভাবে বুঝবেন আপনি টক্সিক সম্পর্কে আছেন?
নিজেকে কয়েকটি প্রশ্ন করুন-
- আমি কি সবসময় ভয় বা উদ্বেগে থাকি?
- নিজের মত প্রকাশ করতে পারি?
- আমার আনন্দ, পছন্দ, স্বপ্ন কি গুরুত্ব পায়?
- আমি কি বারবার নিজেকে দোষ দিই?
যদি বেশিরভাগ উত্তরে ‘না’ আসে, তবে সম্পর্কটি পুনর্বিবেচনা করা দরকার।
ছবি: অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা
কী করবেন?
- নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন
- বিশ্বাসযোগ্য কারও সঙ্গে কথা বলুন
- প্রয়োজনে পেশাদারের (মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলিং) সহায়তা নিন
- আর্থিক ও সামাজিক সাপোর্ট তৈরি করুন
- নিজেকে স্বাবলম্বী করুন। নিজের আলাদা পরিচয় তৈরি করুন।
- প্রয়োজন হলে দূরত্ব বেছে নিন। কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সুস্থতার পথ।
পরিবার ও বন্ধুদের করণীয়
- কাউকে ‘সহ্য করো’ বলবেন না
- তার কষ্টকে ছোট করবেন না
- আত্মহত্যার ইঙ্গিতকে হালকাভাবে নেবেন না
- তার পাশে বসে সব কথা মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় শুধু শোনা বাঁচিয়ে দিতে পারে একটি জীবন।
ভালোবাসা মানে কষ্ট সহ্য করা নয়
আমাদের সমাজে এখনও একটি ভুল ধারণা আছে ভালোবাসা মানেই সহ্য করা, মানিয়ে নেওয়া। কিন্তু সুস্থ সম্পর্ক কখনও আপনার আত্মসম্মান কেড়ে নেয় না। ভালোবাসা আপনাকে ছোট করে না, শক্ত করে। ভালোবাসা আপনাকে ভয় পাইয়ে রাখে না, নিরাপত্তা দেয়। ভালোবাসা আপনাকে একা করে না, পাশে থাকে। যদি কোনো সম্পর্ক আপনাকে ধীরে ধীরে শেষ করে দেয়, তবে সেটি ভালোবাসা নয়; সেটি মানসিক নির্যাতন।
তথ্যসূত্র: এশিয়া নেট নিউজ, সুইসাইড কলব্যাক সার্ভিস, মেন্টাল হেলথ ফাউন্ডেশন (ইউকে)
জেএস/