কাঁচা টমেটোর ভাজি যে কারণে খাবেন, যেভাবে রাঁধবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
ছবি/সংগৃহীত

প্রতিদিনের খাবারে একঘেয়েমি চলে আসা খুবই স্বাভাবিক। বিশেষ করে ভাতের সঙ্গে একই ধরনের তরকারি খেতে খেতে অনেকেই নতুন স্বাদের খোঁজ করেন। এমন সময় একটু টক-ঝাল কিছু হলে খাওয়ার রুচি অনেকটাই বেড়ে যায়।

কাঁচা টমেটো দিয়ে তৈরি ভাজি এমনই একটি সহজ পদ, যা স্বাদে ভিন্নতা আনে। টমেটোর টক স্বাদ আর হালকা মসলার মিশেলে এটি হয়ে ওঠে দারুণ মুখরোচক। কম উপকরণে দ্রুত তৈরি করা যায় বলেই এটি ব্যস্ত সময়ের জন্যও উপযোগী।

তবে কাঁচা টমেটো ভাজি কেবল একটি সুস্বাদু পদই নয়, এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী -

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।যদিও রান্না করার ফলে ভিটামিন সি কিছুটা কমে যায়।

কাঁচা টমেটোর ভাজি যে কারণে খাবেন, যেভাবে রাঁধবেন

২. দৃষ্টিশক্তি ও চোখের সুরক্ষা: এতে থাকা ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন চোখের সুস্থতা রক্ষা করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।

৩. হাড় ও দাঁতের স্বাস্থ্য: কাঁচা টমেটোতে থাকা ভিটামিন কে এবং ফসফেট শীতকালে হাড়ের ক্ষয়রোধ করতে এবং বাতের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।

৪. হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস: এতে লাইকোপেন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। রান্না করলে এই লাইকোপেন আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, যা হৃদরোগ ও নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

৫ হজমে সহায়ক: এর উচ্চমানের ডায়েটারি ফাইবার হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৬. রক্তচাপ নিয়ন্ত্রণ: এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৭. ত্বকের উজ্জ্বলতা: ভিটামিন সি ও ই সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে সতেজ রাখে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

কাঁচা টমেটোর ভাজি যে কারণে খাবেন, যেভাবে রাঁধবেন

জেনে নিন কীভাবে ঘরেই সহজভাবে বানিয়ে নিতে পারেন কাঁচা টমেটোর এই ভাজি -

উপকরণ
১. কাঁচা টমেটো ৩–৪টি
২. পিঁয়াজ কুচি ১টি
৩. কাঁচামরিচ ২-৩টি
৪. রসুন কুচি ১ চা চামচ
৫. হলুদ গুঁড়া সামান্য
৬. মরিচ গুঁড়া আধা চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. তেল ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমেই কাঁচ টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে পছন্দমতো আকারের টুকরা করে কেটে একপাশে সরিয়ে রাখুন। কয়েক মিনিটে এর গায়ের পানিটাও শুকিয়ে যাবে। যেকোনো ভাজি করার আগে সবজির পানি ঝরিয়ে নিলে ভাজি নরম হয়ে যায় না। তাছাড়া কড়াইয়ের তেল ছিটে আসার সম্ভাবনাও কমে।

এবার কড়াইতে তেল গরম করে পিঁয়াজ ও কাঁচামরিচ ভেজে নিন। এরপর রসুন কুচি দিয়ে হালকা নেড়ে নিন। তারপর কাঁচা টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নরম হতে দিন।

এবার এতে হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। টমেটো নরম হয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।

গরম গরম ডাল-ভাতের সঙ্গে এই ভাজির স্বাদের তুলনা হয়না।

এএমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।