অবশেষে হার মানলেন মমতা?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৯ মে ২০২৬
মমতা ব্যানার্জী/ ফাইল ছবি: ফেসবুক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় পরাজয় সত্ত্বেও গত কয়েকদিন ধরে পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে শনিবার (৯ মে) নতুন ইঙ্গিত মিলল তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে। এতে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে নিলেন তৃণমূল নেত্রী।

এতদিন মমতার এক্স হ্যান্ডেলের পরিচিতি বা বায়োতে লেখা ছিল, ‘মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ’। কিন্তু শনিবার সেটি পরিবর্তন করে লেখা হয়েছে, ‘প্রতিষ্ঠাতা সভানেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম এবং ১৭তম বিধানসভা)।’

এই পরিবর্তনের মাধ্যমে মমতা পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে, বর্তমানে তিনি আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন। ঘটনাচক্রে শনিবারই পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন>>
তৃণমূল কংগ্রেসের পরাজয়ে দায়ী মমতার ভাতিজা অভিষেক?
বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি
পশ্চিমবঙ্গ কি তাহলে গুজরাট বা উত্তর প্রদেশ মডেলে চলবে?

mamata

এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিপরীতে মমতার তৃণমূল কংগ্রেস পায় মাত্র ৮০টি আসন। খোদ ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা। এরপরই শুরু হয় রাজনৈতিক অচলাবস্থা।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মমতা অভিযোগ করেন, এই নির্বাচনি ফলাফল জনগণের ম্যান্ডেট নয়, বরং একটি বড় ষড়যন্ত্র। তিনি দাবি করেন, অন্তত ১০০ আসনে ভোট লুট করা হয়েছে এবং তৃণমূলের মনোবল ভাঙতে ভোট গণনার গতি ইচ্ছা করে কমিয়ে দেওয়া হয়েছিল।

মমতা সাফ জানিয়ে দেন, তিনি পরাজয় স্বীকার করবেন না এবং লোকভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন না।

মমতার এই অবস্থানকে নৈরাজ্যবাদী এবং গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থি হিসেবে আখ্যা দেয় বিজেপি। শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।

৭১ বছর বয়সী মমতা ব্যানার্জী দীর্ঘ দেড় দশক দাপটের সঙ্গে রাজ্য শাসন করার পর এখন কোন ভূমিকায় অবতীর্ণ হন, সেটিই দেখার বিষয়।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।