সবজি সেদ্ধ-মরিচ ভর্তার সঙ্গে হোক রাতের খাবার
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি স্বাস্থ্যকর পাহাড়ি খাবার। বাহারি সব সবজি শুধু লবণ দিয়ে সেদ্ধ আর ঝাল মরিচের ভর্তা যেন একে অপরের পরিপূরক। সাদামাটা এই আয়োজনের মধ্যেই লুকিয়ে আছে পুষ্টির ভারসাম্য, স্বাদের সরলতা আর ঘরোয়া আবেগ। অল্প উপকরণে, কম সময়ে তৈরি এই খাবার হতে পারে স্বাস্থ্য সচেতন এক রাতের সেরা সিদ্ধান্ত। রইলো রেসিপি-
উপকরণ
- ঢেঁড়স ৮-১০ টি
- শিম ৮-১০ টি
- গাজর ২ টি
- বাঁধাকপি অল্প পরিমাণে
- লবণ স্বাদমতো
(আপনি পছন্দমতো সবজি ব্যবহার করতে পারবেন)

মরিচ ভর্তার জন্য যা লাগবে
- রসুন ১০-১২ কোয়া
- পেঁয়াজ কুচি ২ টি
- চিংড়ি শুটকি ১ কাপ
- কাঁচামরিচ (যতটুকু ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী)
- লবণ স্বাদমতো
(মরিচ ভর্তা চিংড়ি শুটকি ছাড়াও মুরগি, চিংড়ি, বড় মাছ দিয়ে বানানো যায়)
আরও পড়ুন:
যেভাবে তৈরি করবেন
প্রথমেই সব সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। আর অন্যদিকে মরিচ ভর্তার জন্য মরিচ-রসুন-পেঁয়াজ-চিংড়ি শুটকি-লবণ অল্প পানি দিয়ে সব একসঙ্গে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পাটায় আধা বাটা করে নিন। অথবা ব্লেন্ড করে নিন। তবে খেয়াল রাখবেন যেন ভর্তা মিহি না হয়। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ও পুষ্টিকর সবজি সেদ্ধ ও মরিচ ভর্তা। এবার গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করুন মজাদার এই পদ।
জেএস/
