দেশের গণমাধ্যমে অনন্য স্থান করে নিয়েছে জাগো নিউজ: ন্যাপ মহাসচিব
জাগো নিউজ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে অনন্য স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।
রোববার (১০ মে) দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটির এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির পক্ষে দলের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া রাজধানীর বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে প্রতিষ্ঠানের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তিনি জাগো নিউজ পরিবারের সব কর্মীসহ গণমাধ্যমকর্মীদের অভিনন্দন জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব মিতা রহমান।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে এক অনন্য স্থান করে নিয়েছে জাগো নিউজ। প্রতিষ্ঠানটির নির্ভীক সাংবাদিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘জাগো নিউজের পথচলা হোক আরও মসৃণ ও সত্যনিষ্ঠ। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে এক যুগের পথচলা প্রশংসনীয়। আগামীর পথ আরও উজ্জ্বল হোক। সময়ের সাহসী কণ্ঠস্বর জাগো নিউজের জন্মদিনের অনেক অনেক শুভকামনা।’
কেএইচ/একিউএফ