ছয় হাজার লিটার পেট্রোল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
পাবনার ঈশ্বরদীতে ছয় হাজার লিটার পেট্রোল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ মার্চ) বিকেলে পৌর শহরের ডাকবাংলো মার্কেটের মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর নাম মো. আব্দুল করিম। তিনি মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সিরর স্বত্বাধিকারী।
জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে পৌর শহরের ডাকবাংলো মার্কেটের মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার পেট্রোল পাওয়া যায়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখায় ব্যবসায়ী মো. আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখায় ওই ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। মজুতকৃত এসব তেল তাৎক্ষণিক নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে বলা হয়েছে।
শেখ মহসীন/এমএন/এমএস