মৌলভীবাজার

হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬

মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পরীক্ষা শেষে ৯ জনের পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে দুই শিশু ও একজন পুরুষ ভর্তি আছেন।

সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, হামের লক্ষণ নিয়ে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন ১৬ জন। তাদের পরীক্ষা করার পর ছয়জনের পজিটিভ পাওয়া যায়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, হাসপাতালে তিনজন হামের রোগী ভর্তি আছেন। এর মধ্যে দুজন শিশু ও একজন পুরুষ। পাশাপাশি আরও কয়েকজন হাম পরীক্ষা করিয়াছেন। তাদের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে পজিটিভ না নেগেটিভ।

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে আসছেন। তবে পরীক্ষার রিপোর্ট আসে ঢাকা থেকে। এজন্য রিপোর্ট পেতে দেরি হচ্ছে।

তিনি আরও বলেন, চিকিৎসার ক্ষেত্রে পাঁচ বছরের কমবয়সী শিশুদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সর্দি-জ্বর, হাঁচি-কাশি ও শরীরে র‌্যাশ বের হওয়া হামের লক্ষণ। যেসব বাচ্চাদের এই লক্ষণ পাওয়া যায়, তাদেরকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এম ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।