পর্যটকে মুখর খাগড়াছড়ির পাহাড়
ঈদের ছুটিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নেমেছে পর্যটকদের ঢল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ পাহাড়, নির্মল পরিবেশ ও ব্যতিক্রমী ভ্রমণ অভিজ্ঞতার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে জেলার পর্যটন কেন্দ্রগুলো।
জেলার জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা রহস্যময় গুহা, তরেং তকাইলা ঝর্ণা, জেলা পরিষদ পার্ক এবং চেঙ্গী নদীর পাড় এখন পর্যটকদের ভিড়ে সরগরম। প্রতিটি স্থান নিজস্ব বৈশিষ্ট্যে দর্শনার্থীদের আকৃষ্ট করছে। বিশেষ করে রহস্যঘেরা আলুটিলা গুহা পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

কুমিল্লা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মো. সৌরভ বলেন, ঈদের ছুটিতে একটু ভিন্ন অভিজ্ঞতার জন্য এখানে এসেছি। গুহার ভেতরের অন্ধকার, ঠাণ্ডা ও নীরব পরিবেশ আমাদের জন্য ছিল একেবারেই নতুন ও রোমাঞ্চকর।
অন্যদিকে তরেং তকাইলা ঝর্ণার স্বচ্ছ ঠাণ্ডা পানি, ঝুলন্ত সেতুর দোল আর পাহাড়ি পথের নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে প্রতিনিয়ত। ফেনী থেকে আগত পর্যটক নিশি বড়ুয়া জানান, ‘পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ সত্যি মনকে প্রশান্ত করে। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে দারুণ সময় কাটছে।’

এ বিষয়ে খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের উপ-সহকারী হর্টিকালচার কর্মকর্তা কান্তি বিকাশ ত্রিপুরা বলেন, ‘ঈদের তৃতীয় দিনেও বিপুলসংখ্যক পর্যটক আসছেন। তাদের নিরাপত্তা এবং সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’
খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নিশাত রায় জানান, ‘প্রতিটি পর্যটন কেন্দ্রে আমাদের টিম সার্বক্ষণিক টহলে রয়েছে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারেন।’
প্রবীর সুমন/আরএইচ/এএসএম