ঈদের দ্বিতীয় দিন
‘সড়কে যাত্রী কম, গাড়ি নামালেই লস’
ঈদের দ্বিতীয় দিনও রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। গত কয়েকদিন ঢাকায় গণপরিবহন কম দেখা গেলেও আজ একটু বেড়েছে। তবে গাড়ি চলাচল বাড়লেও চালকরা বলছেন, ‘যাত্রী কম, গাড়ি নামালেই লস’।
রোববার (২২ মার্চ) সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, কলেজগেট, আগারগাঁওসহ বেশ কয়েকটি এলাকার সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিনের চেয়ে আজ যানবাহনের উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যক্তিগত গাড়িও আগের চেয়ে বেশি। কোথাও যানজট ও সিগনালে গাড়ির দীর্ঘ অপেক্ষা চোখে পড়েনি।
তবে বাসস্টপেজগুলোতে যাত্রীর উপস্থিতি ছিল কম। ফলে গণপরিবহনগুলোকে যাত্রীর জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

গাবতলী লিংক পরিবহনের চালকের সহকারী রাকিব বলেন, রাস্তায় যাত্রী বেশি নেই। গতকাল কিছু যাত্রী ছিল। আজ তাও নেই। তিন-চারদিন এমনই থাকবে। এখন পর্যন্ত গাড়ির আসন পুরা করতে পারিনি।
ট্রান্সসিলভা পরিবহনের চালকের সহকারী রুবেল বলেন, রাস্তায় যাত্রী খুব কম। মানুষ ঢাকায় না ফেরা পর্যন্ত অবস্থা এমনই থাকবে। ঈদের পর কয়েকদিন খরচ ওঠানো কষ্ট হয়ে যায়। সব গাড়ি তো আর বসিয়ে রাখা যায় না। তাই মালিক কিছু গাড়ি নামিয়েছে।

পরিস্থান পরিবহনের চালকের সহকারী বলেন, ভাই গাড়ি নামালেই লস। এখন পর্যন্ত খরচের টাকাও ওঠেনি। যাত্রীই নেই।
কেআর/বিএ