বরিশালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
মৃত শিশুরা হলো- সাদিয়া (২ বছর), রাকিব (৯ মাস)। সাদিয়া বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজীবের মেয়ে এবং রাকিব বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির।
তিনি জানান, এই দুই শিশু ৮ এপ্রিল দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হয় হাম উপসর্গ নিয়ে এবং শুক্রবার ভোরে দুজনের মৃত্যু হয় একঘণ্টার ব্যবধানে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাদিয়ার মৃত্যু হয় ভোর পৌনে ৪টায় ও রাকিবের মৃত্যু হয় ভোর পৌনে ৫টায়। এই নিয়ে হাসপাতালে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল পরিচালক আরও জানান, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জন ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩৪১ জন হাম উপসর্গ থাকা রোগী ভর্তি হয়েছেন।
শাওন খান/এনএইচআর/এএসএম