সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬

ঢাকার সাভারে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও টিকিটে অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুইটি বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) সাভার ও আশুলিয়ার বেশ কিছু শিল্পকারখানা ছুটি দেওয়ার পর ঈদে বাড়ি ফিরতে শ্রমিক ও সাধারণ যাত্রীরা সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ডে ভিড় করেন। অনেককে টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, সাভারের নবীনগর দূরপাল্লার বাস টার্মিনাল ও বাইপাইল বাসস্ট্যান্ডে নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও টিকিটে অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুটি বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।

যাত্রী মো. জাহাঙ্গীর আলম বলেন, তিনি সাতক্ষীরা লাইনের বাসের টিকিট কেটেছেন। আগে সাতক্ষীরার কালীগঞ্জ পর্যন্ত ভাড়া ছিল ৫০০-৫৫০ টাকা, কিন্তু এখন তার কাছ থেকে ১ হাজার ৩০ টাকা নেওয়া হয়েছে।

রাত ৯টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত আরেক যাত্রী সজিব বলেন, তিনি বগুড়া যাবেন। সেখানে যেতে সাধারণত ভাড়া ৫৫০ টাকা হলেও এখন শাহ ফতেহ আলী বাসের টিকিট ১ হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, নবীনগর বাসস্ট্যান্ডের দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মাহফুজুর রহমান নিপু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।