ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬

আর মাত্র দুদিন পরেই পবিত্র ঈদ৷ শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানবাহনের চাপ বেড়েছে৷

তবে সড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। এদিকে যানজট যেনো সৃষ্টি না হয় তাই মহাসড়কে পুলিশ নিরসলভাবে কাজ করছে৷

পুলিশ জানায়, শেষ মুহূর্তে মহাসড়কের মানুষের ঢল নেমেছে৷ এতে করে মহাসড়কের যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বুধবার পোশাক কারখানা ছুটি হবে এর ফলে মহাসড়কে আরও চাপ বাড়বে। এদিকে সকালে এলেঙ্গা একটি বাস বিকল হয়। এতে করে মহাসড়কে এক দেড় কিলোমিটার দীর্ঘ সাড়ির সৃষ্টি হয়৷ পরে হাইওয়ে পুলিশ রেকারের মাধ্যমে বাসটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়

পুলিশ আরও জানায়, মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চার লেন সুবিধা পাচ্ছে যাত্রীরা। এতে নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছে৷ কিন্তু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজ চলমান থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

বুধবার সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, আগের তুলনায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ অনেকেই পরিবহনের জন্য মহাসড়কে অপেক্ষা করছে৷ আবার কেউ কেউ খোলা ট্রাক কিংবা পিকআপে করে বাড়িতে যাচ্ছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগের থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, মহাসড়কে বাস বিকল হওয়ার কিছুটা যানবাহনের কিছুটা দীর্ঘ সাড়ি ছিল৷ তবে বর্তমানে স্বাভাবিক রয়েছে৷ যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।