সদরঘাটে দিনভর নৌ প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২০ মার্চ ২০২৬
গতকাল দিনভর সদরঘাটে ঈদযাত্রা পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান/ছবি: জাগো নিউজ

ঈদযাত্রা ঘিরে রাজধানীর সদরঘাটে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধেও নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ। ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনভর অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেন প্রতিমন্ত্রী। এসময় নানান অনিয়মের অভিযোগে বিভিন্ন লঞ্চে জরিমানা ও বেশ কয়েকজনকে আটক করা হয়। 

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে দেরিতে লঞ্চ ছাড়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও বেশ কিছু লঞ্চকে সতর্ক করা হয়। প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

jagonews24

যাত্রীদের হয়রানি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অবৈধভাবে পন্টুন দখলের কারণে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়া অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। পাশাপাশি যাত্রীদের সচেতনভাবে চলাচল এবং যে কোনো অনিয়ম দেখলে কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানান।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।