যশোর-১ আসনে জামায়াতের মুহাম্মদ আজীজুর রহমান বিজয়ী
যশোর-১ (শার্শা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৫৫। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন ভোট পেয়েছেন ৯২ হাজার ৯০৯টি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদ গণনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত যশোরের শাশা আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। সকাল সাতটার আগেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। অনেক নারী ভোটার দলবদ্ধভাবে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো ভোট দিতে এসে অনেকেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। কিছু কেন্দ্রে দেখা যায়, বয়স্ক ভোটারদের মধ্যেও ভোটদানে আগ্রহ লক্ষ্য করা গেছে। কয়েকটি কেন্দ্রে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তা করতে দেখা যায়।
প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিমও দায়িত্ব পালন করছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ায় ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ছিল।
এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বখতিয়ার রহমান ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল।
মো. জামাল হোসেন/এমএন/জেআইএম