একাধিক মার্কিন দূতাবাসের সতর্কতা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক দূতাবাস সেখানে থাকা মার্কিন নাগরিকদের ঘরে অবস্থান করতে বলেছে। এখন পর্যন্ত যেসব দেশে এই সতর্কতা জারি করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও জর্ডান।
বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ঘরে থাকতে, সম্ভাব্য হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং ভবিষ্যতে আরও হামলার আশঙ্কায় সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।
এই সতর্কতা এমন এক সময়ে এলো যখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে চারটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানায়।
এদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরা আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সাইরেনও চালু করা হয়েছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স
এমএসএম