ময়মনসিংহ-১: স্বতন্ত্রে ধরাশায়ী বিএনপির প্রিন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:২৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী সালমান ওমর রুবেল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনের দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৬০৪ জন, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১০৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুই উপজেলার ১৪৩টি কেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। অপরদিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।

বিশিষ্ট ব্যবসায়ী সালমান ওমর রুবেল বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা। ২০১৮ সালের নির্বাচনে প্রয়াত আলী আসগর বিএনপি থেকে মনোনয়ন পেলেও পরে তা সালমান ওমর রুবেলকে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংক ঋণ জটিতলায় শেষ পর্যন্ত রুবেল বাদ পড়লে এই মনোয়ন পান সাবেক বিচারপতি টিএইচ খানের পুত্র বিশিষ্ট সাংবাদিক আফজাল এইচ খান।

এই আসনে আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জিল্লুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. তাজুল ইসলাম (রিক্সা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আজহারুল ইসলাম (কাস্তে) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী (মার্কসবাদী) প্রার্থী মো. আ. রাজ্জাক (কাঁচি)।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার প্রত্যেকটি আসনেই নির্বাচন সুষ্ঠু করতে আমাদের আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথাযথভাবে তাদের ওপর অর্পিত দ্বায়িত্ব পালন করেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্য সতর্কতার সঙ্গে দ্বায়িত্ব পালন করেছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আলাদা নজরদারিতে রাখা হয়েছিল; ফলে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

এমডিকেএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।