বগুড়ার সাত আসনেই ধানের শীষের জয়, সদর থেকে জিতলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনেই বড় জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত রাত পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একে একে সব কটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বগুড়া-৬ (সদর) আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান রাত দেড়টায় নিশ্চিত করেছেন যে, সাতটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এসব ফলাফলে পোস্টাল ব্যালটের ভোটও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বগুড়া-৬ (সদর): এই আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। সদর আসনে মোট ৩ লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৭১ দশমিক ৩ শতাংশ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): বিএনপির কাজী রফিকুল ইসলাম ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়পাল্লা প্রতীকের মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ): এই আসনে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। অন্যদিকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (কেটলি) পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৭২ দশমিক ৬৩ শতাংশ।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই আসনে জয় পেয়েছেন বিএনপির আব্দুল মহিত তালুকদার। তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): এই আসনে বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট। এখানে ভোটার উপস্থিতির হার ছিল জেলার মধ্যে অন্যতম সর্বোচ্চ ৭৫ দশমিক ৮৯ শতাংশ।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট): বিএনপির জিএম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর): বিএনপির মোর্শেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট। এ আসনে ভোটের হার ৭১ দশমিক ৮৬ শতাংশ।

বগুড়ার সাতটি আসনেই বিএনপির এই একচেটিয়া জয়কে দলটির দুর্গ পুনরুদ্ধারের বড় প্রমাণ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা।

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, সব আসনেই নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এলবি/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।